
আগামী দিনের শহর ও পরিকাঠামো নির্মাণে কংক্রিটের বিকল্প হিসেবে মানুষের মল থেকে তৈরি উপাদান ব্যবহারের সম্ভাবনা দেখিয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা। গবেষণায় মানুষের মল থেকে তৈরি বায়োচার ব্যবহার করে এমন এক ধরনের কংক্রিট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রচলিত কংক্রিটের তুলনায় বেশি শক্তিশালী ও টেকসই হতে পারে বলে গবেষকদের ধারণা।
ভারতের ওয়ারাঙ্গলের একটি ট্রিটমেন্ট প্লান্টে মানুষের মল প্রক্রিয়াজাত করে বায়োচার তৈরি করা হচ্ছে। বিশেষ তাপমাত্রায় মানুষের মলকে প্রক্রিয়াজাত করার মাধ্যমে পাওয়া এই বায়োচার কার্বনসমৃদ্ধ একটি উপাদান। গবেষকদের পরীক্ষায় এই উপাদান কংক্রিট তৈরিতে ব্যবহার করে এর শক্তি ও স্থায়িত্ব বাড়ানোর সম্ভাবনা দেখা গেছে।
বর্তমানে বাড়িঘর, সেতু, সড়কসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে মূলত সিমেন্ট ও কংক্রিট ব্যবহার করা হয়। সেই জায়গায় বর্জ্য থেকে তৈরি উপাদান ব্যবহার করা গেলে একদিকে যেমন নতুন নির্মাণসামগ্রীর সম্ভাবনা তৈরি হবে, অন্যদিকে বর্জ্য ব্যবস্থাপনাতেও নতুন পথ খুলতে পারে।
ভারতীয় বিজ্ঞানীদের এই গবেষণা আন্তর্জাতিক পর্যায়েও আগ্রহ তৈরি করেছে। তবে পরীক্ষামূলক পর্যায়ের এই প্রযুক্তিকে বাস্তব নির্মাণকাজে ব্যবহারের আগে এর শক্তি, নিরাপত্তা, দীর্ঘমেয়াদি স্থায়িত্ব এবং পরিবেশগত প্রভাব নিয়ে আরও গবেষণা প্রয়োজন।
গবেষণাটি সফলভাবে বাস্তবায়ন করা গেলে মানুষের বর্জ্যকে সম্পদে রূপান্তর করে ভবিষ্যতের আরও টেকসই অবকাঠামো নির্মাণের সম্ভাবনা তৈরি হতে পারে। ফলে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ক্ষেত্রে এটি হতে পারে একটি অভিনব ও গুরুত্বপূর্ণ উদ্ভাবন।
আরটিভি/এসকে


