ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা থেকে নাম বাদ, ভারত থেকে বাংলাদেশে ঢেলে পাঠানোর আশঙ্কা মুসলিমদের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন দেশটির বহু মুসলিম। তাদের কেউ আটক হচ্ছেন, আবার কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এমন পরিস্থিতিতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশে অবস্থান করছেন ভারতের নাগরিকত্ব দাবি করা অনেকেই।

এর মধ্যে রয়েছেন ৩৮ বছর বয়সী সাহিদা ফকির। গত ১৯ জুলাই মুম্বাইয়ের বাসা থেকে সবজি কিনতে বের হয়েছিলেন তিনি। সন্তানকে বলে গিয়েছিলেন, অল্প সময়ের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু তিন মাসের বেশি সময় পেরিয়ে গেলেও আর পরিবারের কাছে ফেরা হয়নি তার। বর্তমানে তিনি বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে রয়েছেন।

সাহিদার অভিযোগ, সাদা পোশাকের কয়েকজন পুলিশ সদস্য তাকে আটক করে গাড়িতে তুলে নেন। এ সময় তার মুঠোফোনও কেড়ে নেওয়া হয়। ফোনেই ছিল পরিচয়সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র। পরে তাকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আদালতের নথিতে বলা হয়েছে, ওই পুলিশ সদস্যরা মুম্বাই পুলিশের অপরাধ শাখার ছিলেন।

বাংলাদেশে অবস্থান করে বার্তা সংস্থা রয়টার্সকে সাহিদা জানান, পেছন থেকে একজন তার হাত ধরে গাড়িতে উঠতে বলেন। কী ঘটতে যাচ্ছে, তা তিনি বুঝে উঠতে পারেননি।

ভোটার তালিকা সংশোধনে উদ্বেগ

রয়টার্স ১০টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে, যাদের স্বজনেরা ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদ, আটক কিংবা দেশ থেকে বিতাড়নের শিকার হয়েছেন। তাদের অনেকের কাছেই ভারতীয় পরিচয়পত্র ও পারিবারিক নথি রয়েছে। তাদের বাবা-মা ও ভাইবোনদের নামও এখনো ভোটার তালিকায় আছে।

ভারতে সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে। বিভিন্ন তথ্য-উপাত্তে দেখা গেছে, এ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশটির বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমরা।

বিশেষ করে পশ্চিমবঙ্গে এর প্রভাব বেশি পড়েছে। চলতি বছরের শুরুতে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সেখানে প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সবার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, যাচাই-বাছাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই মুসলিমদের। অথচ রাজ্যের মোট জনসংখ্যার ২৭ শতাংশ মুসলিম।

এদিকে বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকা নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে দলটি।

ভোটার তালিকা ও বিতাড়ন অভিযান

গত ৫ নভেম্বর হরিয়ানায় এক নির্বাচনি সমাবেশে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দেওয়ার বিষয়টি একসঙ্গে উল্লেখ করেন। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে প্রথমে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। এরপর তাদের খুঁজে বের করে দেশ থেকে বিতাড়ন করা হবে।

বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে চলমান ধরপাকড়ের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। ১৯৪৭ সালের দেশভাগ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বহু মানুষ সীমান্ত পেরিয়ে দুই দেশে ছড়িয়ে পড়েন। ফলে দুই বাংলার বিভিন্ন পরিবারের আত্মীয়স্বজন দুই পাশেই বসবাস করছেন। এ কারণে নাগরিকত্ব ও অভিবাসনের প্রশ্নটি সেখানে দীর্ঘদিন ধরেই সংবেদনশীল।

আদালতে আইনি লড়াই

সাহিদা ফকিরের ভাষ্য অনুযায়ী, রাত প্রায় একটার দিকে তাকে কাঁটাতারবিহীন একটি অরক্ষিত সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। কয়েক ঘণ্টা কাদামাখা পথে হাঁটার পর এক কৃষক তাকে দেখতে পান এবং নিজের বাড়িতে আশ্রয় দেন।

তবে মুম্বাই পুলিশ আদালতে জানিয়েছে, সাহিদাকে আসাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে যথাযথ প্রক্রিয়ায় তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। আদালতের নথি অনুযায়ী, একই অভিযানে বাংলাদেশি হিসেবে শনাক্ত আরও ১৪৮ জনের সঙ্গে সাহিদাকেও পাঠানো হয়েছিল।

স্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন সাহিদার স্বামী জুম্মান। গত আগস্টে ভারতের সুপ্রিম কোর্টে করা আবেদনে তার পরিবার বলেছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই কারও নাগরিকত্ব বাতিল হয়ে যায় না। যথাযথ যাচাই ছাড়া কাউকে দেশ থেকে বের করে দেওয়ার সুযোগ নেই।

রয়টার্সের পর্যালোচনা করা নথিতে দেখা গেছে, সাহিদার বাবা-মা ও দাদা-দাদি ১৯৫২ সাল থেকেই পশ্চিমবঙ্গের স্বরূপনগরের ভোটার ছিলেন। সাহিদার নিজের নামও অন্তত ২০০৮ সাল থেকে ভোটার তালিকায় ছিল।

তবে মুম্বাইয়ের বিদেশি নিবন্ধন কার্যালয় কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, তদন্তের সময় সাহিদা বাংলাদেশের একটি জন্মসনদ দেখিয়েছিলেন এবং ভারতীয় নাগরিকত্বের গ্রহণযোগ্য প্রমাণ দিতে পারেননি। সাহিদা এ অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, পুলিশ ফোন কেড়ে নেওয়ায় সেখানে থাকা পরিচয়সংক্রান্ত নথি দেখানোর সুযোগ পাননি তিনি।

আটক কেন্দ্রে থাকতে হয়েছে ৩২ দিন

একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন নাসিরুদ্দিন শেখ নামের এক ফেরিওয়ালা। কলকাতা হাইকোর্টে করা আবেদনে তিনি ও আরও চারজন অভিযোগ করেছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে তাদের আপিল বিচারাধীন থাকা সত্ত্বেও আটক করা হয়েছিল।

নাসিরুদ্দিন জানান, ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাকেসহ আরও ২২ জনকে আটক করে। তাদের মধ্যে ১৯ জনের নাম সংশোধিত ভোটার তালিকায় পাওয়া যাওয়ায় ১৪ দিন পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু তালিকায় নাম না থাকায় তাকে ও অন্য তিনজনকে ৩২ দিন আটকে রাখা হয়।

নাসিরুদ্দিনের দাবি, এক পুলিশ কর্মকর্তা তাকে বলেছিলেন, ভোটার তালিকায় নাম নেই, তাই তিনি বাংলাদেশি। পরে আদালতে শুনানির আগের রাতে অন্যদের সঙ্গে তাকেও মুক্তি দেওয়া হয়।

তিনি জানান, যে কেন্দ্রে তাদের রাখা হয়েছিল, সেখানে ৬০ জনের বেশি মানুষের থাকার ব্যবস্থা ছিল। আটকের আগে স্বাস্থ্য পরীক্ষা ও আঙুলের ছাপ নেওয়া হয়। বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না বলে জানান তিনি।

যদিও পুলিশ ও সরকারি আইনজীবীরা কলকাতা হাইকোর্টকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী আটককেন্দ্র নেই। তবে মুর্শিদাবাদে সন্দেহভাজন বিদেশিদের জন্য তৈরি একটি অস্থায়ী কেন্দ্রে মানুষের অবস্থানের আলামত পেয়েছেন রয়টার্সের সাংবাদিকেরা।

মানবাধিকারকর্মী কিরীটী রায় বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে অসংখ্য মামলা বিচারাধীন রয়েছে। মানুষ ন্যায়বিচারের অপেক্ষায় থাকলেও ট্রাইব্যুনালগুলোতে মামলার নিষ্পত্তি হচ্ছে অত্যন্ত ধীরগতিতে।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খাবার চেয়েছিলেন হোটেলে, না পেয়ে কুকুরের মাংস খেলেন ব্যক্তি
ভারতের উড়িষ্যা রাজ্যের সম্বলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত একটি কুকুরের মাংস খেতে দেখা গেছে এক ব্যক্তিকে। মানেস্বর চকের কাছে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খাবার চেয়েছিলেন হোটেলে, না পেয়ে কুকুরের মাংস খেলেন ব্যক্তি
ভুয়া আদালতের আদেশে ওয়েবসাইট বন্ধ, কর্মকর্তাকে তলব মোদির
ভুয়া আদালতের আদেশের ভিত্তিতে ১০০টির বেশি ওয়েবসাইট বন্ধের ঘটনায় টেলিযোগাযোগ বিভাগের সচিবকে তলব করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
ভুয়া আদালতের আদেশে ওয়েবসাইট বন্ধ, কর্মকর্তাকে তলব মোদির
মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর
‘বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য
বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার- এমন তথ্য দিয়ে গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। এমনকি তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগও ব্যর্থ হয়েছে বলে দাবি করা হয় প্রতিবেদনে। তাই শুক্রবার (১৩ নভেম্বর) এই প্রতিবেদনের প্রসঙ্গ উঠে এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। তবে প্রশ্নের উত্তরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি মুখপাত্র রণধীর জয়সওয়াল।  আরেক প্রশ্নের উত্তরে শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গে তিনি জানান, এটি একটি আইনি বিষয়, সেই অনুযায়ী তা মোকাবিলা করা হবে। এর আগে বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠিতব্য কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়ে অপর এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এরই ধারাবাহিকতায় বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।’ তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে। বিদ্যমান এই কাঠামোগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত। আরটিভি/এসআর
‘বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে: জয়সওয়াল
বাংলাদেশ ও ভারতের মধ্যকার কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।  শুক্রবার (১৩ নভেম্বর) দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে।  তিনি আরও জানান, বিদ্যমান এই কাঠামোগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত। এর আগে ঢাকায় আগামী ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য দুই দেশের মধ্যকার পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায়, সময়সূচি না মেলার কারণে গত সপ্তাহে কূটনৈতিক পত্র দিয়ে ঢাকার বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে ভারত। তবে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী দেশটি। বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি। আরটিভি/এসআর
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে: জয়সওয়াল
আরও পড়ুন
বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করছে ভারত: রিজভী
শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ
ভারত থেকে আনা ১৮ রেলকোচ হস্তান্তর, চলবে ঢাকা-পাবনা রুটে
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত