
মিশরের রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমে গিজা প্রদেশে জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।
বুধবার (২৫ নভেম্বর) দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কায়রোর রিং রোডের কাছে ইমবাবা এলাকার ওয়াররাক জেলার ১০ নম্বর টানেলের ওপর এ দুর্ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। আহতদের উদ্ধারে ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। পরে তাদের উদ্ধার করে তিনটি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে দুর্ঘটনার পর আশপাশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেলগাফফার। উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমের অগ্রগতি দেখতে তিনি নিজেই দুর্ঘটনাস্থল এবং সংশ্লিষ্ট হাসপাতালগুলো পরিদর্শন করেন।
এর আগে মিশরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানায়, ব্যক্তিমালিকানাধীন জ্বালানিবাহী ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। এরপর সেটিতে বিস্ফোরণ ঘটে এবং ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।
উদ্ধার তৎপরতায় সহায়তা করতে ঘটনাস্থল ও হাসপাতালগুলোতে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করেছে মিশরীয় রেড ক্রিসেন্ট। সংস্থাটি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণ, উদ্ধারকাজ এবং আহতদের সহায়তায় সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স কর্মীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তাদের সদস্যরা।
অন্যদিকে, সংবাদমাধ্যম আল-আরাবিয়া মিসরের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কায়রোর কাছের ওই সড়কে যানবাহনগুলো আগুনে পুড়ছে। পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা প্রাথমিক হিসাব। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, তা পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ চলছে।
আরটিভি/এসকে


