
রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহনের অভিযোগে আন্তর্জাতিক জলসীমা থেকে একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাজ্য। এ ঘটনায় জাহাজটির ভারতীয় নাবিক (ক্যাপ্টেন) অজয় পান্তকে আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে।
শুক্রবার (৬ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গত ১৪ জুন ইংলিশ চ্যানেল দিয়ে যাওয়ার সময় এমটি স্মিরটোস নামের তেলবাহী জাহাজটি আটক করে ব্রিটিশ সামরিক বাহিনী। জাহাজটি রাশিয়ার তেল নিয়ে ভারতের দিকে যাচ্ছিল। ব্রিটিশ কর্তৃপক্ষের অভিযোগ, এটি রাশিয়ার নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রিতে ব্যবহৃত তথাকথিত ‘ছায়া নৌবহরের’ অংশ।
অভিযানের সময় জাহাজটি যুক্তরাজ্যের জলসীমার বাইরে আন্তর্জাতিক জলসীমায় ছিল। জাহাজটি জব্দের পর ক্যাপ্টেন অজয় পান্তের বিরুদ্ধে রাশিয়ার ওপর আরোপিত যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগ আনা হয়। আদালতে তার জামিন আবেদন নাকচ হয়েছে।
আইনজীবী ও নাবিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর মতে, আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটক করে ক্যাপ্টেনকে গ্রেপ্তারের ঘটনা নজিরবিহীন। তাদের আশঙ্কা, এই মামলার রায় ভবিষ্যতে বিশ্বের নাবিকদের আইনি নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে।
এদিকে স্বামীর মুক্তির দাবিতে লড়াই করছেন অজয়ের স্ত্রী ঋতু পন্ত। তার স্বামী পরিবারের প্রধান উপার্জনকারী। তাদের আট ও এক বছর বয়সী দুটি সন্তান রয়েছে। ঋতুর আশঙ্কা, এই মামলা শুধু তার স্বামীর নয়, বিশ্বের সব নাবিকের নিরাপত্তা ও অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
সূত্র: আল জাজিরা
আরটিভি/জেএমএ



