
সারা দেশে বইছে তাপপ্রবাহ; গরমে হাঁসফাঁস করছে জনজীবন। এই পরিস্থিতিতে দেশের চার বিভাগে নতুন করে আরও দুই দিন হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে জ্বলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় আবহাওয়া অফিসের তাপপ্রবাহের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
পাশাপাশি দেশের কয়েকটি জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে; ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়; ২৪ ডিগ্রি সেলসিয়াস।




