
ঝালকাঠির নলছিটিতে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুশংগল ইউনিয়নের মুখিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা হারুন হাওলাদার বলেন, বিকেলে আমার নাতনি সামিয়া আক্তারকে (৫) কোথাও খুঁজে না পেয়ে পুকুরের পাশে তার জুতা দেখতে পেয়ে পানিতে নেমে খুঁজে পাই। তাকে নিয়ে নলছিটি হাসপাতালের দিয়ে যাওয়ার সময় সামিয়ার চাচাতো বোন সাবিনাকে না পেয়ে আবারও খোঁজাখুজি শুরু করি। এসময় আরও একজোড়া জুতা পুকুরের পাশে দেখতে পেয়ে পুকুরে নেমে সাবিনা আক্তারকে (৬) পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করি।
তাদের দুজনকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতদের বাড়িতে যান নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী।
নিহত সামিয়া আক্তারের বাবা জাকির হোসেন এবং সাবিনা আক্তারের বাবা বাচ্চু হাওলাদার। তারা দুজন আপন ভাই। দুজন উপজেলার কুশংগল ইউনিয়নের মুখিয়া গ্রামের বাসিন্দা। সাবিনা ও সামিয়া স্থানীয় মুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, পুকুরে ডুবে মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




