ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

চালু হলো ‘ট্রাম্প টিভি’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পিএম
হোয়াইট হাউসের নিজস্ব ওয়েবসাইটে চালু হওয়া ‘ট্রাম্প টিভি’তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ছবি: দ্য হোয়াইট হাইজ

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ‘ট্রাম্প টিভি’ নামে নতুন একটি সরাসরি সম্প্রচার চ্যানেল চালু করেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চ্যানেলটির সম্প্রচার শুরু হয়। এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প টিভিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ বক্তব্য, বিভিন্ন ভিডিও এবং উল্লেখযোগ্য মুহূর্ত ২৪ ঘণ্টা সরাসরি দেখানো হবে। এসব বিষয় নিয়মিত হালনাগাদও করা হবে।

চ্যানেলটি চালুর পর সেখানে গত ৩ জুলাই মাউন্ট রাশমোরে ট্রাম্পের দেওয়া একটি বক্তব্যের পুরোনো ভিডিও দেখানো হচ্ছিল।

চ্যানেলটি চালুর ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংবাদমাধ্যমগুলোর বিরোধ তীব্র হয়েছে। গত শুক্রবার ট্রাম্প সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার ঘোষণা দেন। পরে ওই তিন সংবাদমাধ্যম প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা করে।

এর প্রতিবাদে সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পাঁচটি বড় টেলিভিশন নেটওয়ার্ক—এবিসি, সিবিএস, সিএনএন, ফক্স ও এনবিসি—হোয়াইট হাউসের যৌথ সংবাদ সংগ্রহ কার্যক্রম বন্ধ রাখে। সেদিন হোয়াইট হাউসের টেলিভিশন সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকার কথা ছিল সিএনএর।

সাধারণত হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও প্রেসিডেন্টের কার্যক্রমের ভিডিও ধারণের জন্য এক বা একাধিক সংবাদমাধ্যমকে দায়িত্ব দেওয়া হয়। পরে অন্য টেলিভিশন চ্যানেলগুলোও সেই ভিডিও ব্যবহার করতে পারে। এই ব্যবস্থাকেই যৌথ সংবাদ সংগ্রহ বলা হয়।

পাঁচটি বড় সংবাদমাধ্যম এক বিবৃতিতে বলেছে, সরকারের কার্যক্রম সম্পর্কে সঠিক ও স্বাধীন তথ্য পাওয়ার অধিকার জনগণের রয়েছে। কোনো সংবাদমাধ্যমের প্রতিবেদন পছন্দ না হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে তাদের ওপর বিধিনিষেধ আরোপ করা উচিত নয়।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের প্রচলিত সংবাদমাধ্যমের সমালোচনা করে আসছেন। তার অভিযোগ, এসব সংবাদমাধ্যম তার প্রশাসন সম্পর্কে মিথ্যা বা নেতিবাচক খবর প্রকাশ করে।

সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে নিষিদ্ধ করার ঘোষণার পরও তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি। সংবাদমাধ্যমকে তিনি ‘ক্যানসার’ এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেন।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে পক্ষপাতমূলক প্রচারণা চালানোর অভিযোগ করেছেন। তবে তিনি বলেন, এসব সংবাদমাধ্যম এখনো খবর প্রকাশ করতে পারবে এবং মতপ্রকাশের স্বাধীনতাও থাকবে।

ট্রাম্পের ঘোষণার পর শনিবার সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউস প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাদের সংবাদকর্মীদের প্রবেশপত্রও বাতিল করা হয়।

তিন সংবাদমাধ্যম আদালতে গিয়ে এই সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করার আবেদন করেছে। তাদের দাবি, হোয়াইট হাউসে প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে থাকা সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। বুধবার এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

এদিকে সোমবার (২১ সেপ্টেম্বর) ওই তিন সংবাদমাধ্যম জানিয়েছে, তারা হোয়াইট হাউসের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই করবে।

সংবাদমাধ্যমগুলোর বিরোধের মধ্যেই সোমবার হোয়াইট হাউসের দক্ষিণ লনে নতুন হেলিপ্যাড উদ্বোধন করেন ট্রাম্প। তবে বড় টেলিভিশন নেটওয়ার্কগুলো যৌথ সংবাদ সংগ্রহ বন্ধ রাখায় অনুষ্ঠানটি তাদের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়নি।

হোয়াইট হাউসের নিজস্ব ওয়েবসাইটে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হলেও ট্রাম্পের বক্তব্যের পুরো শব্দ শোনা যায়নি।

এএফপিসহ কয়েকটি আলোকচিত্র সংবাদমাধ্যমও নিষিদ্ধ তিন সংবাদমাধ্যমের প্রতি সংহতি জানিয়ে হেলিপ্যাড উদ্বোধনের ছবি প্রকাশে বিলম্ব করে।

সংবাদমাধ্যমগুলোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের এই বিরোধের মধ্যেই ‘ট্রাম্প টিভি’ চালু হলো। নতুন চ্যানেলটিতে ট্রাম্পের বক্তব্য, ভিডিও এবং হোয়াইট হাউসের বিভিন্ন কার্যক্রম সরাসরি সম্প্রচারের পাশাপাশি পুরোনো গুরুত্বপূর্ণ বক্তব্যও দেখানো হচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের বড় টেলিভিশন নেটওয়ার্কগুলো হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহ থেকে সরে দাঁড়ানোর ঘটনা দেশটির সংবাদমাধ্যম ও প্রশাসনের সম্পর্কের ক্ষেত্রে বিরল পরিস্থিতি তৈরি করেছে।

সূত্র: এএফপি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থামিয়ে ২৭৫ কোটি টাকার পণ্য চুরি
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে প্রায় ২৭৫ কোটি টাকা (২ কোটি ৩০ লাখ ডলার) মূল্যের পণ্য চুরির ঘটনায় বড় ধরনের অপরাধচক্রের সন্ধান পেয়েছে পুলিশ।
যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থামিয়ে ২৭৫ কোটি টাকার পণ্য চুরি
অল্প সময়ের প্রশিক্ষণেই হেলথ কেয়ারে ক্যারিয়ার গড়ার ৫ সুযোগ
যুক্তরাষ্ট্রে হেলথ কেয়ার খাতে ক্যারিয়ার গড়তে সব সময় চার বছরের কলেজ ডিগ্রি বা দীর্ঘমেয়াদি পড়াশোনার প্রয়োজন হয় না। কয়েক সপ্তাহ থেকে দুই বছরের মধ্যে নির্দিষ্ট প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সার্টিফিকেশন সম্পন্ন করেও হাসপাতাল, ক্লিনিক, নার্সিং হোম কিংবা মেডিকেল ল্যাবে কাজের সুযোগ তৈরি করা সম্ভব।
অল্প সময়ের প্রশিক্ষণেই হেলথ কেয়ারে ক্যারিয়ার গড়ার ৫ সুযোগ
৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও ৭ ম্যারাথন সম্পন্ন, বিশ্বজুড়ে আলোচনায় ডিয়েড্রা কিন
নারী চাইলে প্রতিকূলতাকে জয় করে কত দূর এগিয়ে যেতে পারেন, তার অনন্য উদাহরণ তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ৩৮ বছর বয়সী ডিয়েড্রা কিন। পেশায় নার্স প্র্যাকটিশনার, নেশা দূরপাল্লার দৌড়।
৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও ৭ ম্যারাথন সম্পন্ন, বিশ্বজুড়ে আলোচনায় ডিয়েড্রা কিন
যুক্তরাষ্ট্রে সড়কের নাম ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’
যুক্তরাষ্ট্রের শিকাগোতে এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে শিকাগো সিটি কর্তৃপক্ষ এ সড়কের নামফলক উন্মোচন করে। এর আগে গত ১৪ অক্টোবর শিকাগো নগর কর্তৃপক্ষ এর আনুষ্ঠানিক অনুমোদন দেয়।  বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য জানান। ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way) নামে নামকরণ করা সড়কটি স্থাপন করা হয়েছে বিশ্বখ্যাত স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত উইলিস টাওয়ারের (পূর্বনাম সিয়ার্স টাওয়ার) পাশে।  সংশ্লিষ্টদের মতে, উইলিস টাওয়ার শিকাগোর অন্যতম পরিচিত স্থাপনা। এই স্থাপনার সামনে সড়কটির নামকরণের ফলে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান সম্পর্কে জানার সুযোগ পাবেন। এর আগে ২০১৪ সালে শিকাগোতে জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের এই উদ্যোগে পেছন থেকে সহযোগিতা করেছেন সাংবাদিক ও ব্যারিস্টার মাহাবুবুর রহমান। এই প্রকল্পে উদ্যোক্তা টিমের সদস্য হিসেবে কাজ করেছেন শিকাগো বিএনপির ফাউন্ডার প্রেসিডেন্ট শাহ মোসাদ্দেক মিন্টু, বাংলাদেশ কমিউনিটি শিকাগোর প্রেসিডেন্ট শাহ মোশাররফ, শিকাগো বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হাদিউজ্জামান ভুইয়া ও অফিস সম্পাদক শাকির ভুইয়া।  শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি ও অবদানকে সম্মান জানানোর যে অঙ্গীকার আমি দীর্ঘদিন ধরে লালন করে আসছি, এই দুটি উদ্যোগ তারই প্রতিফলন। তিনি আরও বলেন, শিকাগোর বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির কাছে এই সড়কের নামকরণ বিশেষ তাৎপর্য বহন করে। বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, শিকাগোর বাংলাদেশি সম্প্রদায়ের যারা এই ঐতিহাসিক নামকরণের আবেদন করেছেন, শাহ্ মোজাম্মেল নান্টুসহ তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। এই প্রয়াসে সামান্য একজন অংশীদার হতে পেরে আমরা গর্বিত। তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর শিকাগোর ৩৬তম ওয়ার্ডের কাউন্সিলর গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে নামকরণের প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ১৪ অক্টোবর কাউন্সিলের পরিবহন ও জনপথবিষয়ক কমিটি প্রস্তাবটি পাসের পক্ষে সর্বসম্মত সুপারিশ জানায়। আরটিভি/টিআর
যুক্তরাষ্ট্রে সড়কের নাম ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
চাঁদের মাটিতে আলু চাষে সফল হয়েছেন বিজ্ঞানীরা।
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!