ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও ৭ ম্যারাথন সম্পন্ন, বিশ্বজুড়ে আলোচনায় ডিয়েড্রা কিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৪ এএম
ছবি: সংগৃহীত

নারী চাইলে প্রতিকূলতাকে জয় করে কত দূর এগিয়ে যেতে পারেন, তার অনন্য উদাহরণ তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ৩৮ বছর বয়সী ডিয়েড্রা কিন। পেশায় নার্স প্র্যাকটিশনার, নেশা দূরপাল্লার দৌড়। গর্ভাবস্থার ৩৪ সপ্তাহে, অর্থাৎ আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় নিউ ইয়র্ক সিটি ম্যারাথন শেষ করে আলোচনায় এসেছেন তিনি। শুধু তাই নয়, এক বছরে বিশ্বের সাতটি প্রধান ম্যারাথন সম্পন্ন করার বিরল কৃতিত্বও অর্জন করেছেন এই অ্যাথলেট।

চলতি মাসে অনুষ্ঠিত নিউ ইয়র্ক সিটি ম্যারাথন ছিল ডিয়েড্রার জন্য বিশেষ একটি প্রতিযোগিতা। কারণ, এটিই ছিল একই বছরে ওয়ার্ল্ড ম্যারাথন মেজর্সের সাতটি ম্যারাথন সম্পন্ন করার শেষ ধাপ। ৩৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি ৪ ঘণ্টা ৬ মিনিট ৫৫ সেকেন্ডে দৌড় শেষ করেন। প্রতি মাইল অতিক্রম করতে তার গড়ে সময় লাগে ৯ মিনিট ২৬ সেকেন্ড। অথচ ২০২৫ সালে একই ম্যারাথন তিনি শেষ করেছিলেন তিন ঘণ্টার কিছু বেশি সময়ে।

ওয়ার্ল্ড ম্যারাথন মেজর্সের সাতটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় টোকিও, বোস্টন, লন্ডন, সিডনি, বার্লিন, শিকাগো ও নিউ ইয়র্কে। এর মধ্যে কয়েকটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় ডিয়েড্রা জানতেনই না যে তিনি অন্তঃসত্ত্বা।

গর্ভাবস্থায়ও থামেনি দৌড়

ডিয়েড্রা কিনের পরিকল্পনা ছিল ২০২৬ সালকে নিজের অপূর্ণ স্বপ্ন পূরণের বছর হিসেবে গড়ে তোলা। গত বছর বিয়ের পর স্বামী ব্রায়ানের সঙ্গে পরিবার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি। সন্তান নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে ভেবে এর মধ্যবর্তী সময়ে ১১টি প্রতিযোগিতায় অংশ নেওয়ার লক্ষ্য ঠিক করেন।

গত মার্চে টোকিও ম্যারাথনের মধ্য দিয়ে শুরু হয় তার অভিযান। এরপর বোস্টন ও লন্ডন ম্যারাথনে অংশ নেওয়ার সময় নিজের দৌড়ের গতি কমে যাওয়া এবং শরীরে পরিবর্তন অনুভব করেন তিনি। পরে গর্ভধারণ পরীক্ষা করে জানতে পারেন, মা হতে চলেছেন।

খবরটি পাওয়ার পরও নিজের সব পরিকল্পনা বাতিল করেননি ডিয়েড্রা। তবে অনাগত সন্তানের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রতিযোগিতার ধরন ও গতি নিয়ে নতুন করে ভাবেন। আয়রনম্যান ও দ্বিতীয় আলট্রাম্যারাথনে অংশ নেওয়ার পরিকল্পনা বাদ দেন। পাশাপাশি স্বামীকে আশ্বস্ত করেন, পরবর্তী ম্যারাথনগুলোতে দ্রুত সময়ের লক্ষ্য না রেখে প্রয়োজনে হাঁটবেন।

চিকিৎসকের অনুমতি নিয়েই পরবর্তী প্রতিযোগিতাগুলোতে অংশ নেন তিনি। চিকিৎসক তাকে পর্যাপ্ত পানি পান, পুষ্টিকর খাবার গ্রহণ এবং পেশিতে টান লাগার প্রাথমিক লক্ষণ দেখা দিলে ব্যায়াম বন্ধ করার পরামর্শ দেন।

একেকটি ম্যারাথন ছিল একেকটি চ্যালেঞ্জ

গর্ভাবস্থার ২৫ সপ্তাহে অস্ট্রেলিয়ার সিডনি ম্যারাথনে অংশ নেন ডিয়েড্রা। এরপর ২৯ সপ্তাহে বার্লিন এবং ৩১ সপ্তাহে শিকাগো ম্যারাথন শেষ করেন। শিকাগোতে তার সময় ছিল চার ঘণ্টার কিছু কম। সবশেষে ৩৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় নিউ ইয়র্ক ম্যারাথনের ফিনিশিং লাইন অতিক্রম করেন।

নিউ ইয়র্ক ম্যারাথন নিয়ে কিছুটা উদ্বিগ্ন ছিলেন তিনি। তখন গর্ভাবস্থার প্রভাব শরীরে স্পষ্ট হয়ে উঠেছিল। তবে পুরো দৌড়পথে বন্ধুদের উপস্থিতি এবং স্বামী ব্রায়ানের সহযোগিতা তাকে সাহস জুগিয়েছে। ব্রায়ান দৌড়পথের বিভিন্ন স্থানে পানি নিয়ে অপেক্ষা করছিলেন, যাতে ডিয়েড্রা পানিশূন্যতায় না ভোগেন।

ম্যারাথনের ১৬তম মাইলের কাছাকাছি ওয়েইল কর্নেল হাসপাতালের পাশ দিয়ে যাওয়ার সময় মজার কিছু মন্তব্যও শুনতে হয় তাকে। ওই হাসপাতালেই তার সন্তান জন্ম দেওয়ার কথা। তাই বন্ধুরা মজা করে বলছিলেন, চাইলে ম্যারাথন থামিয়ে সেখানেই সন্তান জন্ম দিয়ে আবার দৌড়ে ফিরতে পারেন!

বাবার কাছ থেকেই দৌড়ের অনুপ্রেরণা

ডিয়েড্রার দৌড়ের প্রতি ভালোবাসার পেছনে রয়েছে তার বাবা জন কিনের অনুপ্রেরণা। আইরিশ অভিবাসী জন আশি ও নব্বইয়ের দশকে নিয়মিত ম্যারাথনে অংশ নিতেন। ডিয়েড্রার বয়স যখন মাত্র ১৩ বছর, তখন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

অসুস্থতার মধ্যেও দৌড়ানো বন্ধ করেননি জন। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণের ঠিক এক দিন আগে তিনি নিউ ইয়র্ক সিটি ম্যারাথন সম্পন্ন করেছিলেন। সেটিই ছিল তার জীবনের শেষ ম্যারাথন।

বাবার মৃত্যুর কয়েক বছর পর কলেজে পড়ার সময় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম ম্যারাথনে অংশ নেন ডিয়েড্রা। সেখান থেকেই দৌড় তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।

কোভিড-১৯ মহামারির সময় নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারে নার্স প্র্যাকটিশনার হিসেবে কাজ করতেন তিনি। সেই কঠিন সময়ে মানসিক চাপ ও আবেগগত ক্লান্তি সামলাতে দৌড় তাকে সাহায্য করেছে। একাকিত্ব কাটাতে এবং নতুন লক্ষ্য খুঁজে পেতে ২০২৩ সালে অংশ নেন ওয়ার্ল্ড ম্যারাথন চ্যালেঞ্জে। এই প্রতিযোগিতায় মাত্র সাত দিনে সাতটি মহাদেশে সাতটি ম্যারাথন দৌড়াতে হয়। সেবার অংশগ্রহণকারী নারীদের মধ্যে দ্রুততম সময়ের কৃতিত্বও অর্জন করেন তিনি।

ছেলেকে শেখাতে চান হার না মানার শিক্ষা

চিকিৎসকের অনুমতি নিয়ে গর্ভাবস্থায় দৌড়ালেও ডিয়েড্রার অভিজ্ঞতাকে সবার জন্য অনুসরণীয় নিয়ম হিসেবে দেখার সুযোগ নেই। বিশেষজ্ঞদের মতে, সুস্থ ও স্বাভাবিক গর্ভাবস্থায় নিয়মিত ব্যায়াম সাধারণত উপকারী। তবে উচ্চমাত্রার ও দীর্ঘ সময়ের ব্যায়াম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যক্তির শারীরিক অবস্থা এবং চিকিৎসকের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গর্ভাবস্থায় তীব্র ব্যায়ামের প্রভাব নিয়ে গবেষণা এখনো সীমিত।

এদিকে সাতটি প্রধান ম্যারাথনের চ্যালেঞ্জ শেষ করে আপাতত বিশ্রাম ও মাতৃত্বের প্রস্তুতিতে মনোযোগ দিতে চান ডিয়েড্রা। তিনি জানতে পেরেছেন, তার ঘরে আসছে পুত্রসন্তান। বাবার কাছ থেকে পাওয়া দৃঢ়তা ও অধ্যবসায়ের শিক্ষা এবার নিজের সন্তানের মধ্যেও ছড়িয়ে দিতে চান।

ডিয়েড্রার ভাষায়, জীবনে কিছু চ্যালেঞ্জ মানুষ নিজেই বেছে নেয়, যেমন ম্যারাথন। আবার কিছু চ্যালেঞ্জ আসে মানুষের নিয়ন্ত্রণের বাইরে। কঠিন পরিস্থিতিতে বিশ্বাস ও দৃঢ়তা নিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছেলেকেও সেই শিক্ষাই দিতে চান তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইএলটি-টোয়েন্টিতে উইকেটশূন্য মুস্তাফিজ, বড় ব্যবধানে হারল দুবাই
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসনে হতাশার মধ্য দিয়ে অভিযান শুরু করেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে আসরের প্রথম ম্যাচে চার ওভার বোলিং করে কোনো উইকেট পাননি তিনি।
আইএলটি-টোয়েন্টিতে উইকেটশূন্য মুস্তাফিজ, বড় ব্যবধানে হারল দুবাই
ক্রিকেটের ভিত শক্ত করতে এবার বিসিবির নতুন উদ্যোগ
দেশের ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে বড় উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিকভাবে দেশের সাতটি শহরে একযোগে ক্রিকেট একাডেমি চালুর পরিকল্পনা করেছে বোর্ড।
ক্রিকেটের ভিত শক্ত করতে এবার বিসিবির নতুন উদ্যোগ
সাক্ষাৎকার দিতে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বকাপজয়ী পারাদেস
বোকা জুনিয়র্সের হয়ে শিরোপা জয়ের আনন্দের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী ফুটবলার লিয়ান্দ্রো পারাদেস।
সাক্ষাৎকার দিতে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বকাপজয়ী পারাদেস
অস্ট্রেলিয়া সফর শেষ ইংলিশ অলরাউন্ডার জ্যাকসের
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের অলরাউন্ডার ও সহ-অধিনায়ক উইল জ্যাকস। ডান হাতের আঙুলে গুরুতর চোট পাওয়ায় তার অস্ট্রেলিয়া সফরও শেষ হয়ে গেছে।
অস্ট্রেলিয়া সফর শেষ ইংলিশ অলরাউন্ডার জ্যাকসের
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে জয় নিশ্চিত করে হান্সি ফ্লিকের শিষ্যরা।
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থামিয়ে ২৭৫ কোটি টাকার পণ্য চুরি
যুক্তরাষ্ট্রে সড়কের নাম ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!