
পিং পিং এবং ফু শুয়াং নামের দুটি চীনা জায়ান্ট পান্ডা যুক্তরাষ্ট্রের আটলান্টায় পৌঁছেছে। বিদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে চীনের দীর্ঘদিনের ‘পান্ডা কূটনীতি’র আওতায় ধার হিসেবে এই পান্ডা পাঠানো হয়েছে। পান্ডাগুলোকে এখন শহরের চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হচ্ছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয় এ দুই পান্ডা। এর মধ্য দিয়ে দু’দেশের মধ্যে নতুন করে ১০ বছরের জায়ান্ট পান্ডা সংরক্ষণ সহযোগিতা শুরু হচ্ছে।
২০২০ সালের ১৭ মার্চ জন্ম নেওয়া পুরুষ পান্ডা ফিং ফিংয়ের চোখের চারপাশের বড় কালো দাগ সহজেই নজর কাড়ে। গাছে চড়তে বেশ দক্ষ এই পান্ডাটি প্রায়ই গাছের ডালে বিশ্রাম নেয়।
অন্যদিকে, ২০২০ সালের ১৮ অক্টোবর জন্ম নেওয়া নারী পান্ডা ফু শুয়াংয়ের মাথায় ছোট্ট একগুচ্ছ লোম এবং গোলগাল চেহারা রয়েছে। খাবার সংগ্রহেও বেশ দক্ষ এটি।
দুটো পান্ডাই সিছুয়ানের ছেংতু রিসার্চ বেস অব জায়ান্ট পান্ডা ব্রিডিং থেকে এসেছে। আটলান্টা চিড়িয়াখানার সঙ্গে চীনের পান্ডা সংরক্ষণ সহযোগিতার ইতিহাস ২৫ বছরের। ১৯৯৯ সালে লুন লুন ও ইয়াং ইয়াংকে পাঠানোর মধ্য দিয়ে শুরু হওয়া আগের সহযোগিতায় সাতটি শাবকের জন্ম হয়।
নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পান্ডা দুটির জন্য বাঁশ, কচি বাঁশ, আপেল ও প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখা হয়েছে। বিমানে তাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক ও পরিচর্যাকারীরা। আটলান্টায় পৌঁছানোর পর কোয়ারেন্টাইন ও স্বাস্থ্য পরীক্ষা শেষে চীনা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেবে পান্ডা দুটি।
সূত্র: সিএমজি
আরটিভি/এমএ


