
যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় ও নিত্যপণ্যের দাম এখন ঊর্ধ্বমুখী। এ মাঝেও পোষা প্রাণী বিড়ালের বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। বিড়ালের খাবার ও অন্যান্য আনুষঙ্গিক পণ্যে ভোক্তাদের খরচ দিন দিন বাড়ছে এবং বিড়াল বিক্রিতেও এসেছে গতি। তবে কমেছে কুকুরের পণ্য বিক্রি। এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের আমেরিকান পেট প্রডাক্টস অ্যাসোসিয়েশন। খবর সিএনবিসি।
জেনারেল মিলস, চিউই ও পেটকো হেলথ অ্যান্ড ওয়েলনেস—তিন প্রতিষ্ঠানই সাম্প্রতিক আয়ের প্রতিবেদনে বিড়ালের পণ্যের বাজারকে ব্যবসার শক্তিশালী একটি দিক হিসেবে উল্লেখ করেছে।
পেট প্রডাক্টস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে বিড়াল পালনের হার ৫ শতাংশ বেড়েছে। বর্তমানে প্রায় ৫ কোটি ৩০ লাখ পরিবারে বিড়াল রয়েছে পোষ্য হিসেবে। ২০২৪ সালে প্রাণীটি পালনের হার ২৩ শতাংশ বেড়েছিল।
পোষা প্রাণী খাতসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কুকুরের তুলনায় বিড়াল পালনের খরচ ও যত্ন নেওয়া সহজ। এছাড়া অ্যাপার্টমেন্টের মতো ছোট জায়গায়ও বিড়াল রাখা যায়। এসব কারণে বিড়াল পালনে আগ্রহ বাড়তে পারে।
জেনারেল মিলস সম্প্রতি জানায়, বিড়ালের খাবার বিক্রি বেড়েছে কোম্পানির। এর মধ্যে টিকি ক্যাট ব্র্যান্ডও রয়েছে। একই সময় কুকুরের খাবার বিক্রি কমেছে।
অন্যান্য পোষা প্রাণীসংশ্লিষ্ট পণ্য বিক্রেতারাও একই ধরনের প্রবণতা দেখছে। চিউইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত সিং বলেন, কুকুরের পণ্যের বিক্রি কমার প্রবণতা অব্যাহত থাকলেও বিড়ালের পণ্যের বাজারে বিক্রি বাড়ছে।
পেটকোও দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বিড়ালের পণ্যে শক্তিশালী বিক্রির কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি এ সময়ে বিড়ালের খাবার, সাপ্লিমেন্ট, বিছানা ও আসবাবসহ বিভিন্ন পণ্যে বিক্রি বাড়ার কথা উল্লেখ করেছে।
আরটিভি/এমএম


