
যুক্তরাষ্ট্রের কেনটাকিতে মহাসড়কে দায়িত্ব পালন করার সময় গুলিতে এক রাজ্য পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে খোঁজার পর আটক করেছে পুলিশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য এবিসি নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) কেনটাকির ওয়ারেন কাউন্টিতে আন্তঃরাজ্য মহাসড়ক ৬৫-এ টহল দেওয়ার সময় হামলার শিকার হন ওই পুলিশ কর্মকর্তা। মহাসড়কের ৩৮ মাইল চিহ্নের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিহত পুলিশ কর্মকর্তার নাম হেইডেন ফিলিপস বলে জানিয়েছে কেনটাকি রাজ্য পুলিশ। তবে কীভাবে এবং ঠিক কী কারণে তার ওপর হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে ব্যাপক অভিযান শুরু করে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তির ব্যবহৃত গাড়ি হিসেবে নীলচে-ধূসর রঙের ২০২৫ সালের হোন্ডা সিভিকের সন্ধান চেয়ে সতর্কতা জারি করা হয়। ওই ব্যক্তি সশস্ত্র ও বিপজ্জনক হতে পারেন বলে সতর্ক করেছিল কর্তৃপক্ষ।
পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেই সতর্কতা প্রত্যাহার করা হয়। পুলিশ জানায়, লুইসভিলের পুলিশ সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছেন।
নিহত পুলিশ কর্মকর্তা হেইডেন ফিলিপসের মৃত্যুতে শোক জানিয়েছেন কেনটাকি রাজ্য পুলিশের কর্মকর্তারা। রাজ্য পুলিশের প্রধান ফিলিপ বার্নেট জুনিয়র বলেন, একজন সহকর্মীকে হারানো তাদের সংস্থার জন্য অত্যন্ত কঠিন সময়। দায়িত্বের প্রতি ফিলিপসের নিষ্ঠা ও কেনটাকির মানুষের সুরক্ষায় তার অবদান কখনো ভোলার নয়।
কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ারও ফিলিপসকে একজন নায়ক হিসেবে স্মরণ করেছেন। তিনি জানান, ফিলিপস ছিলেন দায়িত্বশীল স্বামী এবং তিন সন্তানের স্নেহশীল বাবা। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন গভর্নর।
আরটিভি/জেএমএ


