
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ডেঙ্গুর প্রকোপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তিনটি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ বছর এখন পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ৩৯২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে স্থানীয়ভাবে সংক্রমিত রোগীর সংখ্যাও বেড়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হিলসবরো ও পিনেলাস কাউন্টি জরুরি অবস্থা ঘোষণা করে। এর এক দিন আগে একই ঘোষণা দেয় পাশের পাসকো কাউন্টি। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে এসব এলাকায় মশা নিয়ন্ত্রণে বিশেষ কার্যক্রম জোরদার করা হয়েছে।
ফ্লোরিডার এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি আক্রান্ত হিলসবরো কাউন্টি। এই কাউন্টির অন্তর্ভুক্ত টাম্পা এলাকায় এ বছর এখন পর্যন্ত ১৭৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা সংক্রমণের এই বৃদ্ধিকে ‘অস্বাভাবিক’ বলে বর্ণনা করেছেন।
এদিকে ডেঙ্গুতে ফ্লোরিডায় একজনের মৃত্যুও হয়েছে। টাম্পার ৮০ বছর বয়সী গে স্মল নামে এক নারী গত ৪ সেপ্টেম্বর মারা যান। স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাবে, বাড়ির আশপাশে মশার কামড়ে আক্রান্ত হওয়ার পর তার ডেঙ্গু হয়েছিল।
ফ্লোরিডায় অতীতে ডেঙ্গুর বেশির ভাগ সংক্রমণ বিদেশ ভ্রমণের সঙ্গে সম্পর্কিত ছিল। তবে চলতি বছরের জুলাই থেকে স্থানীয়ভাবে সংক্রমণের ঘটনা অস্বাভাবিকভাবে বেড়েছে।
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে হিলসবরো কাউন্টিতে মশা নিয়ন্ত্রণে নিচু দিয়ে উড়তে সক্ষম হেলিকপ্টার ব্যবহার করে আক্রান্ত এলাকায় ওষুধ ছিটানো হচ্ছে। জরুরি অবস্থা ঘোষণার ফলে জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া এবং প্রয়োজনীয় কিছু ব্যয়ের জন্য কেন্দ্রীয় সরকারের সহায়তা চাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
পিনেলাস কাউন্টিতেও মশা নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান খুঁজছেন এবং প্রয়োজন অনুযায়ী সেখানে ব্যবস্থা নিচ্ছেন।
কীভাবে ছড়ায় ডেঙ্গু
ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। আক্রান্ত মশার কামড়ের মাধ্যমে এটি মানুষের শরীরে ছড়ায়। সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় ও উষ্ণমণ্ডলীয় এলাকায় এ রোগ বেশি দেখা যায়। যুক্তরাষ্ট্রের কিছু এলাকাতেও স্থানীয়ভাবে ডেঙ্গুর সংক্রমণ ঘটে, যার মধ্যে ফ্লোরিডা অন্যতম।
বেশির ভাগ ক্ষেত্রে ডেঙ্গুতে তেমন গুরুতর উপসর্গ দেখা যায় না। তবে আক্রান্ত ব্যক্তির জ্বর, চোখের পেছনে ব্যথা, পেশি ও অস্থিসন্ধিতে ব্যথা, বমি বমি ভাব এবং শরীরে লালচে দাগ দেখা দিতে পারে। বিরল ক্ষেত্রে রোগটি গুরুতর হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ এমনকি মৃত্যুও ঘটাতে পারে।
ডেঙ্গু থেকে বাঁচতে মশা প্রতিরোধক ব্যবহার, হাত-পা ঢেকে রাখে এমন পোশাক পরা এবং বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। জমে থাকা পানিতেই মশা বংশবিস্তার করতে পারে।
আরটিভি/জেএমএ


