
শিক্ষা খাতে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ করা অর্থ ব্যবহারে বাড়তি স্বাধীনতা পেয়েছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্য। গত ৩০ অক্টোবর দেশটির শিক্ষা বিভাগ ‘শিক্ষা অঙ্গরাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া’ কর্মসূচির আওতায় ওহাইওর বিশেষ অব্যাহতির আবেদন অনুমোদন করে। এর ফলে শিক্ষার্থীদের প্রয়োজন ও অঙ্গরাজ্যের অগ্রাধিকার অনুযায়ী শিক্ষা তহবিল ব্যবহারের সুযোগ পাবে তারা।
নতুন অনুমোদনের ফলে ২০২৯ সাল পর্যন্ত ৩ কোটি ৮০ লাখ ডলারের বেশি কেন্দ্রীয় তহবিল একত্র করে ব্যয় করতে পারবে ওহাইও। এ নিয়ে যুক্তরাষ্ট্রের অষ্টম অঙ্গরাজ্য হিসেবে এ ধরনের অনুমোদন পেল তারা। এর আগে আইওয়া, লুইজিয়ানা, ইন্ডিয়ানা, ভারমন্ট, আরকানসাস, সাউথ ডাকোটা ও মিসিসিপি একই সুবিধা পেয়েছে। আটটি অঙ্গরাজ্যের জন্য অনুমোদিত মোট তহবিলের পরিমাণ ১৫ কোটি ৮০ লাখ ডলারের বেশি।
ওহাইওর শিক্ষা ও কর্মশক্তি বিভাগ জানিয়েছে, এ অর্থ শিক্ষার্থীদের পড়ার দক্ষতা বাড়ানো, দ্রুত শেখার সুযোগ তৈরি, কর্মজীবনের প্রস্তুতি এবং শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করার কাজে ব্যয় করা হবে। পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষা ও শিক্ষার্থীদের সরাসরি সহায়তার ক্ষেত্রেও অর্থ ব্যবহারের নিয়ম সহজ হবে।
আগে ইংরেজি ভাষা শিক্ষার জন্য বরাদ্দ করা অর্থ তিনটি নির্দিষ্ট খাতে ব্যয় করতে হতো—শিক্ষাদান কার্যক্রম, শিক্ষকদের প্রশিক্ষণ এবং অভিভাবক ও স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা। নতুন নিয়মে স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী এসব খাতের এক বা একাধিকটিতে অর্থ ব্যয় করতে পারবে। তবে তিন ধরনের সেবাই শিক্ষার্থীদের দিতে হবে।
এছাড়া শিক্ষার্থীদের অতিরিক্ত পাঠদানের জন্য অর্থ বরাদ্দের ক্ষেত্রে কিছু প্রশাসনিক বাধ্যবাধকতা কমানো হয়েছে। ফলে অপ্রয়োজনীয় কাগজপত্র ও তালিকা তৈরির কাজে সময় ব্যয় না করে বিদ্যালয়গুলোকে সরাসরি সহায়তা দিতে পারবে অঙ্গরাজ্যটি।
যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমোহন বলেন, পড়ার দক্ষতা উন্নয়নে প্রমাণভিত্তিক শিক্ষা পদ্ধতি অনুসরণ করে ওহাইও ইতিমধ্যে অগ্রগতি দেখিয়েছে। নতুন সুবিধার ফলে অঙ্গরাজ্যটি নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী কেন্দ্রীয় তহবিল ব্যবহার করে শিক্ষার্থীদের আরও ভালোভাবে সহায়তা করতে পারবে।
ওহাইওর শিক্ষা ও কর্মশক্তি বিভাগের পরিচালক স্টিফেন ডি ড্যাকিন বলেন, নতুন সুবিধার ফলে বিদ্যালয় ও স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পড়ার দক্ষতা, সুস্থতা এবং চাহিদাসম্পন্ন পেশায় কাজের প্রস্তুতির ওপর বেশি গুরুত্ব দিতে পারবে।
সূত্র: যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ
আরটিভি/জেএমএ


