ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যর্থনা জানাতে রানওয়েতে হাজির স্বয়ং শি জিনপিং! কূটনৈতিক প্রথা ভেঙে জড়িয়ে ধরলেন ট্রাম্পকে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে চীনের শেনজেনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় কূটনৈতিক প্রথা ভেঙে চীনের শেনজেন বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পরপরই রানওয়েতে শি জিনপিং নিজে উপস্থিত হয়ে ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন এবং তাকে জড়িয়ে ধরেন।

বিবিসির খবরে বলা হয়, বুধবার (১৮ নভেম্বর) শেনজেনে অবতরণের মধ্য দিয়ে নতুন এক ইতিহাসের অংশ হয়েছেন ট্রাম্প। শেনজেনে শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্বের তিন প্রভাবশালী নেতার এই নজিরবিহীন যৌথ বৈঠক ঘিরে শহরজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি।

দায়িত্বে থাকা কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম শেনজেনে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শেনজেনকে দেশটির ‘সিলিকন ভ্যালি’ বলা হয়। বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোরই আবাস এই শহর।

শেনজেনে পৌঁছানোর পর বিমান থেকে নামার সময় ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় ট্রাম্পের জন্য লালগালিচা বিছানো হয়। ট্রাম্পের আগমন উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে জড়ো হন স্থানীয় বাসিন্দারাও। তার গাড়িবহরের পথের পাশে ছোট ছোট দলে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান তারা। ট্রাম্পের অবস্থানের কথা জানা গেছে- এমন একটি হোটেলের বাইরেও জড়ো হন স্থানীয়রা। সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। হোটেলের প্রবেশপথ ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে।

এক তরুণ মার্কিন প্রেসিডেন্টের হোটেলের কাছের একটি সড়কে অপেক্ষা করার সময় বলেন, ‘আমি আশা করি, ট্রাম্পের এই সফর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে পারবে।’ ঐতিহাসিক এই আয়োজন ঘিরে ১৮ মিলিয়ন মানুষের শহর শেনজেনের পার্ক ও সড়কগুলোতেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আগামী বছর থেকে বাড়তে পারে এইডস, যা বলছে জাতিসংঘ
আগামী বছর থেকে নতুন করে এইচআইভি ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তে শুরু করতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বিভিন্ন দেশে মানবাধিকার ও যৌনস্বাস্থ্যবিষয়ক সেবার ওপর বিধিনিষেধ বাড়াকে এর প্রধান কারণ হিসেবে দেখছে সংস্থাটি। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। জাতিসংঘের এইডসবিষয়ক সংস্থা ইউএনএইডসের (ইউএনএইডস) নির্বাহী পরিচালক উইনি বিয়ানিমা বলেছেন, বিশ্ব এইডস মহামারি নিয়ন্ত্রণে আনার কাছাকাছি পৌঁছেছিল। কিন্তু আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া এবং মানবাধিকার সংকুচিত হওয়ার কারণে গত কয়েক দশকের অর্জন হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, এখনো সংক্রমণ বাড়ার চূড়ান্ত পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে বিভিন্ন দেশের পরিস্থিতিতে এর লক্ষণ দেখা যাচ্ছে। ২০২৭ সালে প্রকাশিত তথ্যের মধ্যে নতুন সংক্রমণ বৃদ্ধির প্রভাব দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। ইউএনএইডসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে নতুন করে ১২ লাখ মানুষ এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। ১৯৯৪ সালে এই সংখ্যা ছিল ৩৫ লাখ। অর্থাৎ গত তিন দশকে নতুন সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে এই অগ্রগতি ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। সংস্থাটির হিসাবে, ২০২৫ সালে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এইচআইভি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন আগের বছরের তুলনায় প্রায় এক বিলিয়ন ডলারের বেশি কমেছে। প্রয়োজনীয় অর্থের তুলনায় বছরে ৪৩০ কোটি ডলারের ঘাটতি তৈরি হয়েছে। অর্থায়ন কমে যাওয়ায় বিভিন্ন দেশে এইচআইভি প্রতিরোধকেন্দ্র বন্ধ হচ্ছে, স্বাস্থ্যকর্মীর সংখ্যা কমছে এবং আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা মানুষের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে পরীক্ষা, প্রতিরোধমূলক ওষুধ এবং সচেতনতামূলক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ইউএনএইডসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এইচআইভি প্রতিরোধে ব্যবহৃত ওষুধ প্রি-এক্সপোজার প্রফিল্যাক্সিস বা প্রিইপি গ্রহণকারীর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। একই সময়ে বিশ্বে কনডম বিতরণের পরিমাণও ৩০০ কোটি থেকে কমে ২৭০ কোটিতে নেমেছে। এ ছাড়া নারী ও মেয়েদের যৌন ও প্রজননস্বাস্থ্য অধিকার এবং সমকামী ও অন্যান্য যৌন সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার নিয়ে বিভিন্ন দেশে রাজনৈতিক বিরোধিতা বাড়ছে। এর ফলে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও সংকুচিত হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। ইউএনএইডসের হিসাবে, ২০২৫ সালে বিশ্বে প্রায় ৪ কোটি মানুষ এইচআইভি নিয়ে বসবাস করেছেন। তাদের মধ্যে ৩ কোটি ২১ লাখ মানুষ নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। আধুনিক চিকিৎসার কারণে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব হচ্ছে। তবে চিকিৎসা ও প্রতিরোধমূলক সেবা ব্যাহত হলে নতুন সংক্রমণ এবং এইডসজনিত মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে। জাতিসংঘের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে নির্মূল করা। তবে অর্থায়ন ও স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সেই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়তে পারে। সূত্র: রয়টার্স আরটিভি/এসআর  
আগামী বছর থেকে বাড়তে পারে এইডস, যা বলছে জাতিসংঘ
বিশ্ব বাজারে আবারও কমল সোনার দাম
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়াতে পারে এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে সোনার দাম। সুদের হার বৃদ্ধির সম্ভাবনায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় মূল্যবান এই ধাতুর বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।
বিশ্ব বাজারে আবারও কমল সোনার দাম
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন
ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুন, নিহত বেড়ে ২৪
ইন্দোনেশিয়ায় মিষ্টি ও কনফেকশনারি পণ্য তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৩০ জন। তাদের সন্ধানে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুন, নিহত বেড়ে ২৪
মোরগ নিয়ে মামলা করায় উল্টো ১৫ লাখ টাকা জরিমানা!
সিঙ্গাপুরে রাস্তা পার হতে গিয়ে একটি মোরগের কারণে ঘটে যাওয়া দুর্ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা করে উল্টো ১৫ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার (প্রায় ১৫ লাখ টাকা) আইনি খরচ গুনতে হচ্ছে এক নারী যাত্রীকে।
মোরগ নিয়ে মামলা করায় উল্টো ১৫ লাখ টাকা জরিমানা!
আরও পড়ুন
বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো 
হুয়াংয়ের প্রত্যাবর্তনে এনভিডিয়ার শেয়ারদর বেড়েছ ৩১%, চাঙা মার্কিন প্রযুক্তি খাত
কুশবু বেগমকে পেতে পুলিয়াং থেকে উড়ে এলেন জাংলং
ধর্ষণের ঘটনায় ৯৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেলেন এক নারী