
মেক্সিকোর সিনালোয়া রাজ্যে অভিযান চালিয়ে দেশটির শীর্ষ মাদক সম্রাট ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেসকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এল চাপো ইসিদ্রো নামে পরিচিত এই মাদক সম্রাট যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ১০ শীর্ষ মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকায় ছিলেন।
শনিবার (২১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার (২০ নভেম্বর) রাতে চালানো এ অভিযানে মাদক চক্রের আরও দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে চার সেনাসদস্যসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে আট সন্দেহভাজন অপরাধী।
দুই দশকের বেশি সময় ধরে মেসা ফ্লোরেসের চক্র যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ হেরোইন, মেথামফেটামিন, কোকেন ও গাঁজা পাচার করে আসছিল। অভিযানে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর গোয়েন্দা সংস্থাগুলো সমন্বয় করে কাজ করেছে।
অভিযানের পর সিনালোয়া রাজ্যের বিভিন্ন এলাকায় সংঘর্ষ, গাড়িতে আগুন ও সড়কে প্রতিবন্ধকতা তৈরির ঘটনা ঘটে। তবে শনিবারের (২১ নভেম্বর) মধ্যে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আরটিভি/জেএমএ


