ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শনার্থীর টুপি গিলে মারা গেল সবার প্রিয় ‘ফিওনা’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি চিড়িয়াখানায় খাঁচার ভেতরে পড়ে যাওয়া একটি বোনা টুপি গিলে ফেলে জনপ্রিয় জলহস্তী ফিওনা মারা গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ফিওনার মৃত্যুর খবর নিশ্চিত করে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা আপনাদের এই হৃদয়বিদারক খবরটি জানাচ্ছি যে, আমাদের দারুণ পশুচিকিৎসক এবং পরিচর্যাকারী দলের একাধিক প্রচেষ্টার পরও এই জরুরি শারীরিক জটিলতা কাটিয়ে ফিয়োনা আর বাঁচতে পারেনি।’

২০১৭ সালে নির্ধারিত সময়ের আগেই জন্ম নেওয়ার পর থেকেই ফিওনা ব্যাপক পরিচিতি পায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। প্রায় ১০ দিন আগে একটি বোনা টুপি গিলে ফেলার পর থেকেই তার চিকিৎসা শুরু হয়।

সিনসিনাটি চিড়িয়াখানার পরিচালক ডেভ জেনিক এক বিবৃতিতে জানান, ‘ফিওনার মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত। এমন পরিণতি কেউ আশা করেননি। শেষ মুহূর্ত পর্যন্ত ফিওনাকে বাঁচানোর চেষ্টা চালিয়ে গেছেন পরিচর্যাকারীরা।’

চিড়িয়াখানার মুখপাত্র মিশেল কার্লি জানান, একজন দর্শনার্থী দুর্ঘটনাবশত টুপিটি ফিওনার থাকার জায়গায় ফেলে দেন। তিনি টুপিটি বাতাসে ছুড়ে দিলে সেটি একটি ছাদের পাখায় আটকে যায়। পরে পাখার ঘূর্ণনে টুপিটি একটি ছোট ফাঁক দিয়ে ফিওনার আবাসস্থলে পড়ে। কার্লির ভাষ্য, ঘটনাটি ছিল অত্যন্ত অপ্রত্যাশিত।

প্রথমদিকে ফিওনাকে স্বাভাবিক মনে হলেও কয়েকদিন পর তার খাবারের প্রতি আগ্রহ কমে যায়।

চিড়িয়াখানার কর্মীরা তাকে বেশি খাবার দেওয়ার চেষ্টা করেন, যাতে খাবারের সঙ্গে টুপিটিও পরিপাকতন্ত্র দিয়ে বেরিয়ে আসে। মৃত্যুর আগে করা শব্দতরঙ্গ পরীক্ষায় দেখা যায়, টুপিটি তার ক্ষুদ্রান্ত্রে পৌঁছে গেছে।

চিড়িয়াখানার এক কর্মী জানান, পূর্ণবয়স্ক জলহস্তীর অস্ত্রোপচার করা সম্ভব নয়। তাই টুপিটি স্বাভাবিকভাবে বেরিয়ে আসাই ছিল ফিওনাকে সুস্থ করার সবচেয়ে ভালো উপায়। এ লক্ষ্যে স্থানীয় একটি ঘোড়ার খামার থেকে কম্পন সৃষ্টিকারী বিশেষ মঞ্চ ধার করে আনা হয়। টুপিটি বেরিয়ে আসতে সহায়তা করবে-এমন আশায় ফিওনাকে ওই মঞ্চের ওপর দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল।

২০১৭ সালে জন্মের সময় ফিওনার ওজন ছিল মাত্র ১৩ কেজি। চিড়িয়াখানার তথ্য অনুযায়ী, জলহস্তীর ক্ষেত্রে নথিভুক্ত স্বাভাবিক জন্ম ওজনের তুলনায় এটি ছিল প্রায় অর্ধেক। জন্মের পর বেঁচে থাকতেও তাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।

মানুষের পরিচর্যায় থাকা জলহস্তী সাধারণত ৫০ বছর পর্যন্ত বেঁচে থাকে। সেই বিবেচনায় ফিওনার মৃত্যু হয়েছে অকালেই। এ বিষয়ে প্রাণী অধিকার সংগঠন পেটার কর্মকর্তা ডেবি মেটজলার বলেন, ‘ঘটনাটি ইচ্ছাকৃত না হলেও ফিওনার মৃত্যু সবার জন্য সতর্কবার্তা। প্রাণীদের আবাসস্থলের আশপাশে চলাচলের সময় দর্শনার্থীদের আরও সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে চিড়িয়াখানার নিরাপত্তাব্যবস্থাও পর্যালোচনা করা প্রয়োজন।’

ফিওনা ছিল চিড়িয়াখানার দর্শনার্থী থেকে শুরু করে পুরো সিনসিনাটি শহরের মানুষের কাছে এক প্রিয় নাম। তাকে ঘিরে তৈরি করা হয়েছিল বিশেষ স্বাদের আইসক্রিম। এমনকি সিনসিনাটির ব্যালে নৃত্যেও ফিওনার নামে রাখা হয়েছিল একটি চরিত্র।

সিনসিনাটির মেয়র আফতাব পুরেভাল বলেন, ‘ফিওনা শহরের মানুষের কাছে আনন্দ ও প্রাণশক্তির প্রতীক হয়ে উঠেছিল। শিশু থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীদের মুখে হাসি ফুটিয়েছে সে। তার মৃত্যুতে পুরো শহর শোকাহত।’

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের সম্মানসূচক নামকরণের প্রস্তাব করেছে শহরটির সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে কমিটি।
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব
মুসলিম বেড়ে যাওয়ার আশঙ্কায় খ্রিস্টানদেরকে ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির বার্তা 
খ্রিস্টানদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার এই বার্তা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে ইতোমধ্যে। 
মুসলিম বেড়ে যাওয়ার আশঙ্কায় খ্রিস্টানদেরকে ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির বার্তা 
ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, পরীক্ষামূলক ওষুধে নিরাময়ে অগ্রগতি
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো দেখাচ্ছে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত পরীক্ষামূলক ওষুধ ‘ড্যারাক্সনরাসিব’। কেমোথেরাপির সঙ্গে প্রতিদিন একটি করে এই ওষুধ সেবনে কয়েকজন রোগীর টিউমার উল্লেখযোগ্যভাবে ছোট হয়েছে।  এমনকি কিছু রোগীর ক্ষেত্রে সিটি স্ক্যানে ক্যানসারের অস্তিত্বও শনাক্ত করা যায়নি। প্রাথমিক ক্লিনিক্যাল পরীক্ষায় পাওয়া এ ফলকে কয়েক দশকের মধ্যে অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় অন্যতম বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি প্রকাশিত পরীক্ষার ফল অনুযায়ী, অগ্রসর পর্যায়ের অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত ৬১ জন রোগীর ওপর ওষুধটির কার্যকারিতা পরীক্ষা করা হয়। এসব রোগীর ক্যানসার শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছিল। পরীক্ষায় দেখা যায়, কেমোথেরাপির সঙ্গে ড্যারাক্সনরাসিব প্রয়োগে প্রায় ৯০ শতাংশ রোগীর টিউমারের বৃদ্ধি বন্ধ হয়েছে। ৬০ শতাংশের বেশি রোগীর টিউমার ছোট হয়েছে অথবা সম্পূর্ণ অদৃশ্য হয়েছে। আর প্রায় ৮ শতাংশ, অর্থাৎ প্রতি ১২ জনে একজনের ক্ষেত্রে সিটি স্ক্যানে টিউমার শনাক্ত করা যায়নি। যুক্তরাজ্যের ক্যানসার গবেষণা সংস্থা ক্যানসার রিসার্চ ইউকে এই ফলাফলকে অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতির সম্ভাবনা হিসেবে দেখছে। সংস্থাটির চিকিৎসক স্যাম গডফ্রে বিবিসিকে বলেন, নতুন ওষুধটির ফল অত্যন্ত আশাব্যঞ্জক। এত দিন ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা কঠিন বলে বিবেচিত একটি জৈবিক প্রক্রিয়াকে এবার লক্ষ্যবস্তু করার সুযোগ তৈরি হয়েছে। তাঁর মতে, অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় অবশেষে এমন অগ্রগতি দেখা যাচ্ছে, যার প্রয়োজন ছিল দীর্ঘদিন ধরে। অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসা করা অত্যন্ত কঠিন। কেমোথেরাপিতে অনেক সময় টিউমার ছোট হলেও কিছুদিন পর আবার বাড়তে শুরু করে। বিশেষ করে ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়লে রোগীদের বেঁচে থাকার সময় সাধারণত খুব সীমিত হয়ে যায়। অনেক রোগী কয়েক মাসের বেশি বাঁচতে পারেন না। পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের গড়ে দেড় বছর পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এ সময়ে কয়েকজনের শরীরে ক্যানসার ফিরে আসেনি। তবে নতুন ওষুধটি কত দিন ক্যানসারের অগ্রগতি ঠেকিয়ে রাখতে পারবে, তা এখনো নিশ্চিত নয়। ক্যানসার সম্পূর্ণ নির্মূল করা সম্ভব কি না, সেটিও জানতে আরও দীর্ঘমেয়াদি গবেষণার প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, এই চিকিৎসাকে এখনই ক্যানসার নিরাময়ের ওষুধ হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। বরং এটি রোগের অগ্রগতি ধীর করে রোগীদের বেঁচে থাকার সময় বাড়ানোর সম্ভাবনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রে মোট ক্যানসার আক্রান্তের প্রায় ৩ শতাংশ অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হলেও ক্যানসারজনিত মোট মৃত্যুর প্রায় ৮ শতাংশের জন্য দায়ী এই রোগ। দেশটিতে প্রতিবছর এ রোগে প্রায় ৫৩ হাজার মানুষের মৃত্যু হয়। অন্যদিকে, ক্যানসার রিসার্চ ইউকের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে প্রতিবছর প্রায় ১১ হাজার ৫০০ মানুষের অগ্ন্যাশয়ের ক্যানসার শনাক্ত হয়। এ রোগে মারা যান প্রায় ১০ হাজার ২০০ জন। ব্রিটিশ অভিনেতা অ্যালান রিকম্যানও ২০১৬ সালে অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার পাঁচ মাস পর মারা যান। অগ্ন্যাশয়ের ক্যানসারের উল্লেখযোগ্য লক্ষণগুলোর মধ্যে রয়েছে জন্ডিস, ত্বকে চুলকানি, প্রস্রাবের রং গাঢ় হওয়া, মলের রং ফ্যাকাশে হয়ে যাওয়া, অকারণে ওজন কমে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি এবং শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া। সব মিলিয়ে, প্রাথমিক পরীক্ষার এই ফল অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে চিকিৎসাটির প্রকৃত কার্যকারিতা, দীর্ঘমেয়াদি সুফল এবং নিরাপত্তা নিশ্চিত করতে আরও বড় পরিসরের গবেষণার ফলের অপেক্ষায় রয়েছেন চিকিৎসাবিজ্ঞানীরা। সূত্র : বিবিসি আরটিভি/এসকে
ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, পরীক্ষামূলক ওষুধে নিরাময়ে অগ্রগতি
১০ বছরের মধ্যে পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন: ট্রাম্প
চীন দ্রুতগতিতে পরমাণু অস্ত্রের মজুত বাড়াচ্ছে এবং আগামী ১০ বছরের মধ্যে দেশটি এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১০ বছরের মধ্যে পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন: ট্রাম্প
গবেষণাগারের শেষ শিম্পাঞ্জিরাও যাচ্ছে অভয়ারণ্যে
গবেষণাগারে পরীক্ষার কাজে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সর্বশেষ শিম্পাঞ্জিদের অভয়ারণ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট।
গবেষণাগারের শেষ শিম্পাঞ্জিরাও যাচ্ছে অভয়ারণ্যে
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে ঢাকার দূতাবাসের সতর্কতা
গবেষণাগারের শেষ শিম্পাঞ্জিরাও যাচ্ছে অভয়ারণ্যে
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ