
যৌতুকের দাবিকে স্ত্রীকে নির্যাতন ও ফেসবুকে লাইভে এসে আত্মহত্যার চেষ্টার অভিযোগে করা মামলায় আলোচিত টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে জামিন দিয়েছেন আদালত।
রোববার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার পৃথক দু’টি আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
জামিনের বিষয়টি নিশ্চিত করে প্রিন্স মামুনের আইনজীবী পলাশ রায় জানান, স্ত্রীর করা পৃথক দু’টি মামলায় প্রিন্স মামুনকে জামিন দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারামুক্তিতে বাধা নেই।
আদালত সূত্রে জানা গেছে, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি এক হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দাখিল হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন। এ ছাড়া ফেসবুকে লাইভে এসে আত্মহত্যার চেষ্টার অভিযোগে ভাটারা থানার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তার জামিন আবেদন মঞ্জুর করেছেন।
গত ২৩ জুলাই মধ্য রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফেসবুক থেকে লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালানোর অভিযোগে স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা বাদী হয়ে প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তারও আগে কোটি টাকা যৌতুক চেয়ে মারধর করেছেন, এমন অভিযোগ এনে প্রিন্স মামুনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন মোহনা। ওই মামলায় গত ২৪ জুলাই জামিন নাকচ করে প্রিন্স মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
পরবর্তীতে গত ২৫ জুলাই আত্মহত্যার চেষ্টা মামলায় আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার দেখাতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান। এরপর ২৯ জুলাই আদালতে তোলা হলে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আরটিভি/এমএ



