
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা বাকপ্রতিবন্ধী নির্মাণশ্রমিক মেহেদী হাসান গাড়িচাপায় নিহতের ঘটনায় গাড়ি চালকের আসনে থাকে সেই ১৭ বছরের কিশোরের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (৪ অক্টোবর) ঢাকার শিশু আদালত-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন আইনজীবী আলমগীর হোসেন জামিন চেয়ে অধিকতর শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দিন মামুন জামিনের বিরোধিতা করেন।
শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে বলেছেন, ‘এ ঘটনায় সে দ্রুততম সময়ে বের হয়ে গেলে সমাজের জন্য নেগেটিভ ম্যাসেজ যাবে।’
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ওই কিশোরকে আদালতে হাজির করা হয়। এরপর কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার এসআই আরেফীন ইসলাম।
ওইদিন আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। গত ২৭ সেপ্টেম্বর আইনজীবী আলমগীর হোসেন তার জামিন চেয়ে আবেদন করেন। ওইদিন আংশিক শুনানি শেষে অধিকতর শুনানির জন্য ৪ অক্টোবর দিন ধার্য করেন আদালত।
গত ২২ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে। ফুটপাতে বসে বিশ্রাম নেওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার মেহেদীকে চাপা দেয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত লোকজন গাড়িটির চালকের আসনে থাকা ওই কিশোরকে আটক করে পুলিশে দেন। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে চাচার জিম্মায় ছেড়ে দেয়া হয়। মেহেদী হাসান নিহতের ঘটনায় ভাই মোক্তাদীর ইসলাম ২৩ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করেন।
আরটিভি/ এসকেডি




