
লালমনিরহাটে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. নুরুজ্জামান নামের এক স্কুলশিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।
এ ঘটনায় ২০১২ সালে লালমনিরহাট সদর থানায় ভুক্তভোগীর বড় ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে ১৭ বছর বয়সী শিক্ষার্থীকে স্কুলের পাশের মসজিদের মুয়াজ্জিনের কক্ষে একাধিকবার ধর্ষণ করেন গিয়াসউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুজ্জামান।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ে জরিমানার অর্থ ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ওই স্কুলশিক্ষক লালমনিরহাট সদর উপজেলার খোঁচাবাড়ি এলাকার বাসিন্দা।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, আমরা ন্যায়বিচার পেয়েছি। একজন শিক্ষক নানা প্রলোভনে শিক্ষার্থীকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এ রায় দিয়েছেন।
তিনি আরও বলেন, ন্যায়বিচারের মাধ্যমে ভবিষ্যতে আর কোনো শিক্ষক এমন জঘন্য কাজে লিপ্ত হবেন না।
আরটিভি/এসএস




