
যারা চিকেন পছন্দ করেন তাদের কাছে তন্দুরি চিকেন খুবই লোভনীয় একটি খাবার। এ খাবারটি তন্দু চুলা বা ওভেন না থাকলে তৈরি করা যায় না, এমনটাই ভাবেন অনেকে। চলুন দেখে নিই কীভাবে ওভেন বা তন্দুর চুলা ছাড়াও ঘরেই তৈরি করা যাবে তন্দুরি চিকেন।
তৈরি করতে যা লাগবে
চামড়াসহ মুরগির মাংস ৫০০ গ্রাম, লেবুর রস ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চামচ, পেঁয়াজ ১টি, তেল ৩-৪ চা চামচ, লবণ স্বাদমতো, আদা বাটা ১ চামচ, কাঁচামরিচ দুটি (কুচানো), গরম মসলা গুঁড়া-২ টেবিল চামচ, পানি ঝরানো টক দই ১ কাপ, ধনিয়া গুঁড়া ১-২ চা চামচ, জিরে গুঁড়া ১-২ চা চামচ, অরেঞ্জ ফুড কালার ২ ফোঁটা।
যেভাবে তৈরি করবেন :
প্রথমে মাংসের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার একটি ধারালো ছুড়ির সাহায্যে মাংসের গায়ে ২ থেকে ৩টি বাঁকা করে চিড়ে দিন। এরপর লেবুর রস ও লবণ ভালো করে মেখে নিন। এভাবে ২০ মিনিট ফ্রিজে রেখে দিন। এবার তাতে বাটা পেঁয়াজ, আদা, রসুন, মরিচ ও অন্যান্য শুকনো মসলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এর সঙ্গে পানি ঝরানো টক দই ও ফুড কালার মিশিয়ে নিন। মিশ্রণটি মাংস দিয়ে ম্যারিনেট করুন। ফ্রিজে দেড় ঘণ্টার জন্য রেখে দিন।
চুলায় একটি ফ্রাই প্যানে অল্প একটু তেল মাখিয়ে নিন। এবার তাতে মাংসের টুকরাগুলো রেখে ওপর দিয়ে ছড়িয়ে দিন অল্প তেল। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিন। একেক পাশ ১০ থেকে ১৫ মিনিট হালকা আঁচে রান্না করুন। দুই দিক ভালো করে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। এরপর একটি রুটি সেঁকার জালি বা অন্য কোনো জালির ওপরে মাংসের টুকরোগুলো রেখে বেশি আঁচে একটু সেঁকে নিন। এতে তন্দুরের পোড়া ভাব চলে আসবে।
হয়ে গেলে এবার গরম গরম পরিবশেন করুন তন্দুরি চিকেন।
অন্যান্য রেসিপি দেখতে ক্লিক করুন এই লিঙ্কে রেসিপি




