
শিশুর কোষ্ঠকাঠিন্য অনেক সময় বাবা-মায়ের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। নিয়মিত পায়খানা না হওয়া, শক্ত ও শুষ্ক মল, পেটব্যথা, অস্বস্তি ও বিরক্তি—এসবই এর সাধারণ উপসর্গ। তবে অধিকাংশ সময় বাবা-মা কারণটি খেয়াল করেন না।
বিশেষজ্ঞদের মতে, শিশুর কোষ্ঠকাঠিন্যের পেছনে মূলত জাঙ্ক ফুড, কম আঁশযুক্ত খাবার, গরুর দুধের অতিরিক্ত ব্যবহার এবং টয়লেট প্রশিক্ষণের সময় মানসিক চাপ কাজ করে। এগুলো শিশুর হজম প্রক্রিয়া ধীর করে দেয়।
কোন খাবারগুলো কোষ্ঠকাঠিন্য বাড়ায়?
ভাত: ভাতে ফাইবার কম থাকে, ফলে মল শক্ত হয়ে যায়। তাই ভাতের পাশাপাশি আঁশসমৃদ্ধ খাবার রাখতে হবে।
কলা: কাঁচা বা কম পাকা কলায় স্টার্চ বেশি থাকে, যা হজমে সমস্যা সৃষ্টি করে। তবে পাকা কলা হজমে সহায়ক।
দুগ্ধজাত খাবার: অতিরিক্ত গরুর দুধ ও পনির শিশুর মল শক্ত করে ফেলতে পারে, বিশেষ করে খাবারে আঁশ কম থাকলে।
গাজর: রান্না করা গাজরে ফাইবার ভেঙে যায়, যা কোষ্ঠকাঠিন্য বাড়াতে পারে। তবে কাঁচা, মিহি কাটা গাজর উপকারী।
প্রক্রিয়াজাত খাবার: ক্র্যাকার, মিষ্টি পিউরি বা প্যাকেটজাত খাবারে ফাইবার কম থাকে এবং শিশুর হজমে বাধা সৃষ্টি করে।
প্রতিকার: শিশুর কোষ্ঠকাঠিন্য দূর করতে পর্যাপ্ত পানি খাওয়ানো, আঁশসমৃদ্ধ ফল ও শাকসবজি খাওয়ানো এবং নিয়মিত শারীরিক কার্যকলাপ করানো জরুরি। পাশাপাশি প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে টাটকা ও ঘরে তৈরি খাবার খাওয়ানো উচিত। সচেতন হলে সহজেই শিশুকে কোষ্ঠকাঠিন্যের ভোগান্তি থেকে রক্ষা করা সম্ভব।
আরটিভি/এসকে




