ফেলে যাওয়া ২ শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ , ০৬:৪৫ পিএম


ফেলে যাওয়া ২ শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক 
ছবি: আরটিভি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে উদ্ধার হওয়া অসুস্থ দুই শিশুর চিকিৎসা, নিরাপত্তা ও ভবিষ্যৎ পুনর্বাসনের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আনুষ্ঠানিকভাবে শিশু দুটির সার্বিক দায়িত্ব নেন। 

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া শিশুদের মধ্যে চার বছর বয়সী মেয়ে শিশুটির নাম আয়েশা এবং দুই বছর বয়সী ছেলে শিশুটির নাম মোরশেদ। মেয়ে শিশুটি জানায়, তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। তাদের বাবা খোরশেদ আলম এবং মা ঝিনুক আখতার।

শিশু দুটির করুণ অবস্থার ছবি ও খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। জেলা প্রশাসকের নির্দেশনায় প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) শিশু দুটিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আনা হয়।

বিজ্ঞাপন
আরও পড়ুন

জাতীয় নির্বাচনের ব্যস্ততার মধ্যেও জেলা প্রশাসক দীর্ঘ সময় ধরে শিশুদের শারীরিক অবস্থা, পারিবারিক পরিচয়, উদ্ধার হওয়ার প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ করে ছেলে শিশু মোরশেদের শারীরিক দুর্বলতা ও অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। পাশাপাশি চিকিৎসা ব্যয় ও প্রাথমিক প্রয়োজন মেটাতে আর্থিক সহায়তাও প্রদান করেন তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন, যেন শিশুদের চিকিৎসা ও পরিচর্যায় কোন ধরনের ঘাটতি না থাকে। এছাড়া শিশুদের ভবিষ্যৎ নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন জেলা প্রশাসক। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে বসে থাকা অবস্থায় স্থানীয় সিএনজিচালিত অটোরিকশাচালক মহিম উদ্দিন শিশু দুটিকে উদ্ধার করেন। পরে তার স্ত্রী শারমিন আক্তার জানান, দুই শিশুই অসুস্থ ছিল এবং ছোট শিশুটি প্রতিবন্ধী। রাতে গরম পানি দিয়ে গোসল করিয়ে ও খাবার খাওয়ানোর পর তারা কিছুটা স্বস্তি পায়। তার ধারণা, শিশুদের অসুস্থতার কারণেই মা-বাবা তাদের ফেলে রেখে গেছেন।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission