
সাধারণত দুই নারী-পুরুষের মধ্যে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক শুরুতে আবেগে ভরপুর থাকে। হয়তো কিছুদিন বা দীর্ঘ দিন পর সেই সম্পর্কে ফাটল ধরে। এটা অনেকে স্বাভাবিকভাবে নিতে পারেন না। সম্পর্ক ভেঙে গেলে বেশিরভাগ মানুষই প্রাক্তনের প্রতি জমিয়ে রাখে অসংখ্য অভিযোগ আর তীব্র ঘৃণা- যেন বুকের ওপর এক অনড় পাথর চাপা পড়ে থাকে। তার চেয়ে বরং যদি প্রাক্তনকে নিঃশর্তে ক্ষমা করে দেওয়া যায়, তাহলে কেমন হয়?
আজ বৃহস্পতিবার, ১৭ অক্টোবর পালিত হচ্ছে ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’। ২০১৮ সালে প্রথমবারের মতো এই বিশেষ দিবসটির সূচনা হয়। মূল উদ্দেশ্য- ভাঙা সম্পর্কের কষ্ট ভুলে মানুষ যেন প্রাক্তনকে ক্ষমা করে মন থেকে হালকা হয়ে নতুন জীবনের পথে এগিয়ে যেতে পারে।
সম্পর্ক যতই খারাপভাবে শেষ হোক না কেন, দিনের শেষে সব মানুষই শান্তি চায়। আর সেই শান্তি আসে ক্ষমার মধ্য দিয়েই। বিশেষজ্ঞদের মতে, পুরোনো ক্ষোভ ও রাগ মনের ওপর চাপ ফেলে। তাই সময় এসেছে সেই অনুভূতিগুলোকে বিদায় জানানোর।
আজকের দিনে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাক্তনকে ক্ষমা করার বার্তা দিচ্ছেন। কেউ লিখছেন, ‘যাও, তোমাকে মাফ করে দিলাম,’ কেউ বা বলছেন, ‘অতীতের কষ্ট মুছে নতুন করে শুরু করতে চাই।’
এই দিনটি তাই শুধু প্রেমভাঙার গল্প নয়, বরং জীবনের নতুন শুরু করার প্রেরণা। সম্পর্ক যেভাবেই শেষ হোক না কেন, প্রাক্তনকে ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়াই হতে পারে সবচেয়ে সুন্দর প্রতিশোধ।
আরটিভি/একে




