
ভ্রমণে যাওয়ার আগে স্যুটকেস গোছানো অনেকের কাছেই ঝামেলার কাজ। ঘণ্টার পর ঘণ্টা ধরে জামাকাপড় গুছিয়ে রাখার পরও প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায় না দরকারি জিনিস। এই ঝামেলা কমাতে কাজে লাগতে পারে প্যাকিং কিউব।
ঘুরতে যাওয়ার আগে স্যুটকেসে জামাকাপড়, জুতা, প্রসাধনসামগ্রীসহ নানা জিনিস গুছিয়ে রাখতে হয়। কিন্তু নির্দিষ্ট কোনো পোশাক খুঁজতে গিয়ে অনেক সময় পুরো স্যুটকেসই ওলটপালট হয়ে যায়। আবার দেখা যায়, সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি চাপা পড়ে আছে একেবারে নিচে।
এ ধরনের ঝামেলা এড়াতে এখন অনেকেই ব্যবহার করছেন প্যাকিং কিউব। কিন্তু বস্তুটি আসলে কী এবং কেনই বা এটি ব্যবহার করবেন?
প্যাকিং কিউব আসলে কী?
প্যাকিং কিউব হলো কাপড় বা টেকসই কাপড়জাতীয় উপাদান দিয়ে তৈরি ছোট ছোট মুখবন্ধ ব্যাগ বা বাক্স। এগুলো স্যুটকেসের ভেতরে বিভিন্ন ধরনের জিনিস আলাদা করে গুছিয়ে রাখতে সাহায্য করে।
জামাকাপড়, অন্তর্বাস, প্রসাধনসামগ্রী বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস আলাদা আলাদা প্যাকিং কিউবে রাখা যায়। ফলে পুরো স্যুটকেস না ঘেঁটে সহজেই প্রয়োজনীয় জিনিস খুঁজে পাওয়া সম্ভব।
কেন ব্যবহার করবেন প্যাকিং কিউব?
গোছানো থাকবে সবকিছু
স্যুটকেসের ভেতরেই আলাদা আলাদা ভাগ তৈরি করা যায়। একটিতে শার্ট, অন্যটিতে প্যান্ট, আরেকটিতে অন্তর্বাস বা প্রসাধনসামগ্রী রাখা যেতে পারে।
দিন অনুযায়ী পোশাক সাজিয়ে রাখা যায়
কোন দিন কোথায় যাবেন, সে অনুযায়ী পোশাক ও প্রয়োজনীয় গয়না বা অন্যান্য সামগ্রী একসঙ্গে আলাদা কিউবে গুছিয়ে রাখা সম্ভব।
বাচ্চাদের জিনিস আলাদা রাখা সহজ
একই স্যুটকেসে একাধিক বাচ্চার জামাকাপড় রাখলে অনেক সময় সবকিছু গুলিয়ে যায়। এ ক্ষেত্রে আলাদা রঙের প্যাকিং কিউব ব্যবহার করলে কার কোন পোশাক, মোজা বা প্রয়োজনীয় জিনিস সহজেই আলাদা করে রাখা যায়।
হোটেলে পৌঁছে ঝটপট গুছিয়ে নেওয়া যায়
গন্তব্যে পৌঁছে স্যুটকেস থেকে একটি একটি করে জামাকাপড় বের করার প্রয়োজন নেই। পুরো কিউবটি তুলে আলমারি বা ড্রয়ারে রেখে দিলেই অনেকটা কাজ হয়ে যায়।
স্যুটকেসের জায়গা কি নষ্ট হয়?
জামাকাপড় ভাঁজ করে নির্দিষ্ট কিউবে রাখলে স্যুটকেসের ভেতরের জিনিস আরও গোছানো থাকে। এতে খালি জায়গার অপচয়ও কমানো সম্ভব।
শুরুর দিকে প্যাকিং কিউবে জিনিস আলাদা করে রাখা বাড়তি ঝামেলা মনে হতে পারে। তবে ভ্রমণের সময় স্যুটকেস গোছানো রাখা এবং প্রয়োজনীয় জিনিস দ্রুত খুঁজে পেতে এটি বেশ কাজে লাগতে পারে।
আরটিভি/জেএমএ


