
কোনো প্রশ্নের উত্তর জানা কিংবা অজানা বিষয় সম্পর্কে ধারণা পেতে গুগলে সার্চ করেন অনেকেই। স্বাস্থ্য, রূপচর্চা, শরীরচর্চা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা কৌতূহল মেটাতে সার্চ ইঞ্জিনটির ওপর নির্ভর করেন ব্যবহারকারীরা। বিশেষ করে রাতের অবসর সময়ে বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধান করেন অনেকে।
পুরুষদেরও রয়েছে এমন কিছু প্রশ্ন, যেগুলোর উত্তর জানতে তারা নিয়মিত গুগলে খোঁজ করেন। একটি গবেষণার বরাত দিয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, পুরুষদের বেশি অনুসন্ধান করা বিষয়গুলোর মধ্যে রয়েছে যৌনস্বাস্থ্য, দাড়ির বৃদ্ধি, স্তন ক্যানসার, চুল পড়া ও প্রোটিন গ্রহণের মতো বিষয়।
চলুন, জেনে নেওয়া যাক গুগলে পুরুষদের সবচেয়ে বেশি খোঁজা পাঁচটি বিষয়।
১. পুরুষত্বহীনতার লক্ষণ কী?
নিজের যৌনস্বাস্থ্য নিয়ে সচেতনতা ও কৌতূহল থেকে অনেক পুরুষ গুগলে বিভিন্ন তথ্য খোঁজ করেন। পুরুষত্বহীনতার লক্ষণ কী, কীভাবে তা শনাক্ত করা যায় এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন—এসব বিষয় নিয়ে তাদের আগ্রহ রয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছর এ বিষয়ে প্রায় ৬৮ হাজার ৬০০ জন পুরুষ গুগলে অনুসন্ধান করেছিলেন।
২. দাড়ি কামালে কি দাড়ি বেশি বাড়ে?
দাড়ি পুরুষদের সৌন্দর্যচর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। দাড়ি কামালে তা আরও ঘন বা দ্রুত বাড়ে কি না, এ নিয়ে অনেকের মধ্যে প্রচলিত ধারণা রয়েছে। এই প্রশ্নের উত্তর জানতে গুগলে অনুসন্ধান করেছিলেন প্রায় ৬৮ হাজার ৪০০ জন পুরুষ। তবে চিকিৎসাবিজ্ঞানের তথ্য অনুযায়ী, দাড়ি কামালে চুলের প্রকৃত বৃদ্ধি বা ঘনত্ব বাড়ে না।
৩. পুরুষদের কি স্তন ক্যানসার হতে পারে?
স্তন ক্যানসার সাধারণত নারীদের মধ্যে বেশি দেখা গেলেও পুরুষদেরও এ রোগ হতে পারে। এ বিষয়ে সচেতনতা ও কৌতূহল থেকে অনেকেই অনলাইনে তথ্য অনুসন্ধান করেন। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২১ সালে প্রায় ৬১ হাজার ২০০ জন পুরুষ গুগলে জানতে চেয়েছিলেন, পুরুষদের স্তন ক্যানসার হওয়ার ঝুঁকি রয়েছে কি না।
৪. টুপি পরলে বা চুল বেঁধে রাখলে কি চুল পড়ে?
চুল পড়া নিয়ে দুশ্চিন্তা অনেক পুরুষেরই রয়েছে। দীর্ঘ সময় টুপি পরা কিংবা চুল শক্ত করে বেঁধে রাখলে চুলের ক্ষতি হয় কি না, তা জানতে গুগলে অনুসন্ধান করেছিলেন প্রায় ৫২ হাজার ১০০ জন পুরুষ। বিশেষজ্ঞদের মতে, টুপি পরলেই সাধারণত চুল পড়ে না। তবে দীর্ঘ সময় চুল শক্ত করে বাঁধলে চুলের গোড়ায় টান পড়ে চুল ঝরে যেতে পারে।
৫. ব্যায়ামের পর কতটুকু প্রোটিন খাওয়া উচিত?
শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ব্যায়ামের উপকার পেতে সঠিক খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ। এ কারণে ব্যায়ামের পর কতটুকু প্রোটিন গ্রহণ করা উচিত এবং কোন খাবার থেকে পর্যাপ্ত প্রোটিন পাওয়া যায়, তা জানতে গুগলে সার্চ করেন অনেক পুরুষ। প্রকাশিত তথ্যে এ বিষয়ে অনুসন্ধানকারীর সংখ্যা প্রায় ৫১ হাজার।
এ ছাড়া ব্যায়ামের নিয়ম, শরীরচর্চা, পেশি গঠন এবং বিভিন্ন ধরনের রান্নার রেসিপি নিয়েও গুগলে অনুসন্ধান করেন অনেকে। এসব অনুসন্ধান থেকে বোঝা যায়, স্বাস্থ্য, সৌন্দর্য ও জীবনযাপনসংক্রান্ত নানা প্রশ্নের উত্তর খুঁজতে অনলাইন সার্চ ইঞ্জিনের ওপর নির্ভরতা বাড়ছে।
আরটিভি/এসকে


