ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

শীতে ত্বক ফাটবে না, থাকবে কোমল-উজ্জ্বল—মেনে চলুন ১০ সহজ নিয়ম

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৯:১২ এএম
শীতের শুষ্কতা থেকে ত্বক রক্ষায় নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার ও সঠিক পরিচর্যা জরুরি। ছবি: সংগৃহীত

শীত এলেই ত্বকে দেখা দেয় নানা সমস্যা। কারও ত্বক হয়ে যায় অতিরিক্ত শুষ্ক, কারও আবার ত্বকে দেখা দেয় চুলকানি, টানটান ভাব কিংবা খসখসে ভাব। বিশেষ করে শীতের ঠান্ডা বাতাস, বাতাসে আর্দ্রতা কমে যাওয়া এবং ঘরের ভেতরে গরম পরিবেশ ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমিয়ে দেয়। ফলে ত্বক হারায় কোমলতা ও স্বাভাবিক উজ্জ্বলতা।

এ ছাড়া শীতের দিনে দীর্ঘ সময় ধরে গরম পানিতে গোসল করার অভ্যাসও ত্বকের ক্ষতি করতে পারে। এতে ত্বকের প্রাকৃতিক তেল কমে গিয়ে ত্বকের সুরক্ষাব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। তবে দৈনন্দিন যত্নে কিছু পরিবর্তন আনলে শীতেও ত্বক রাখা সম্ভব সুস্থ, কোমল ও আর্দ্র।

শীতের পুরো মৌসুমে ত্বকের শুষ্কতা ও অস্বস্তি এড়াতে মেনে চলতে পারেন ১০টি পরামর্শ।

১. মৃদু পরিষ্কারক ব্যবহার করুন

শীতকালে ত্বক পরিষ্কারের জন্য অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান কিংবা কড়া পরিষ্কারক ব্যবহার করা থেকে বিরত থাকুন। এগুলো ত্বকের প্রাকৃতিক তেল কমিয়ে শুষ্কতা বাড়াতে পারে। এ সময় এমন পরিষ্কারক বেছে নিন, যা ত্বক পরিষ্কারের পাশাপাশি আর্দ্রতাও ধরে রাখতে সাহায্য করে। সিরামাইড, গ্লিসারিন ও অ্যালোভেরাযুক্ত পরিষ্কারক এ ক্ষেত্রে উপকারী।

২. মুখ ধোয়ার পরপরই ময়েশ্চারাইজার লাগান

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে মুখ ধোয়া কিংবা গোসলের পরপরই ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বক সামান্য ভেজা থাকা অবস্থায় ময়েশ্চারাইজার লাগালে আর্দ্রতা ধরে রাখতে সুবিধা হয়। শীতকালে হালকা লোশনের পরিবর্তে ঘন ক্রিম বা মলমজাতীয় ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। হায়ালুরোনিক অ্যাসিড, শিয়া বাটার ও স্কোয়ালেনযুক্ত উপাদান ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে।

৩. শীতেও সানস্ক্রিন ব্যবহার করুন

অনেকেই মনে করেন, শুধু গরমকালেই রোদ থেকে ত্বক রক্ষা করা প্রয়োজন। কিন্তু শীতকালেও সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে। মেঘলা আকাশেও এ রশ্মি ত্বকে পৌঁছায়। তাই বাইরে বের হওয়ার আগে অন্তত এসপিএফ ৩০ মাত্রার সানস্ক্রিন ব্যবহার করুন। মুখ, গলা ও হাতের খোলা অংশে ভালোভাবে লাগাতে হবে। দীর্ঘ সময় বাইরে থাকলে প্রতি দুই ঘণ্টা পর আবার ব্যবহার করুন।

৪. ঘরের বাতাসে আর্দ্রতা বজায় রাখুন

শীতকালে ঘরের ভেতরে গরম রাখার ব্যবস্থা বাতাসের আর্দ্রতা কমিয়ে দেয়। এতে ত্বক আরও শুষ্ক হয়ে পড়ে। এ সমস্যা কমাতে ঘরে বায়ুর আর্দ্রতা বাড়ানোর যন্ত্র ব্যবহার করতে পারেন। বিশেষ করে শোবার ঘর কিংবা যেখানে বেশি সময় কাটান, সেখানে এটি রাখলে উপকার পাওয়া যেতে পারে।

৫. গরম পানিতে দীর্ঘ সময় গোসল করবেন না

শীতের সকালে বা রাতে গরম পানিতে গোসল করতে অনেকেরই ভালো লাগে। তবে অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল কমিয়ে শুষ্কতা বাড়ায়। তাই কুসুম গরম পানিতে গোসল করুন এবং গোসলের সময় ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে সীমিত রাখুন। গোসল শেষে তোয়ালে দিয়ে ত্বক ঘষে না মুছে আলতোভাবে পানি মুছে নিন। এরপরপরই ময়েশ্চারাইজার লাগান।

৬. হাত ও ঠোঁটের বিশেষ যত্ন নিন

শীতকালে হাত ও ঠোঁটের ত্বক তুলনামূলক বেশি শুষ্ক হয়ে পড়ে। তাই বাইরে বের হলে হাতে দস্তানা ব্যবহার করুন। বিশেষ করে পানি কিংবা পরিষ্কারক দ্রব্য ব্যবহারের সময় হাতের সুরক্ষায় সতর্ক থাকুন। প্রতিবার হাত ধোয়ার পর ঘন হ্যান্ড ক্রিম লাগান। পাশাপাশি ঠোঁটের শুষ্কতা ও রোদে ক্ষতি এড়াতে সূর্যরশ্মি প্রতিরোধী উপাদানযুক্ত ঠোঁটের বাম ব্যবহার করুন।

৭. নিয়ম মেনে ত্বকের মৃত কোষ পরিষ্কার করুন

ত্বকের মৃত কোষ দূর করতে নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। তবে শীতকালে অতিরিক্ত ঘষাঘষি বা শক্ত দানাযুক্ত প্রসাধনী ব্যবহার করলে ত্বকে জ্বালাপোড়া ও অস্বস্তি হতে পারে। তাই সপ্তাহে এক থেকে দুই দিন মৃদুভাবে ত্বকের মৃত কোষ পরিষ্কার করুন। ল্যাকটিক অ্যাসিড বা পিএইচএযুক্ত মৃদু উপাদান এ ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।

৮. পর্যাপ্ত পানি পান করুন

ত্বকের আর্দ্রতা শুধু বাইরে থেকে যত্ন নিলেই বজায় থাকে না, শরীরের ভেতর থেকেও প্রয়োজন পর্যাপ্ত পানি। তাই শীতকালেও নিয়মিত পানি পান করুন। পাশাপাশি শসা, কমলা ও তরমুজের মতো পানিসমৃদ্ধ ফলমূল ও খাবার খাদ্যতালিকায় রাখতে পারেন। এতে শরীরের পানির চাহিদা পূরণে সহায়তা হয়।

৯. পোশাক নির্বাচনে সতর্ক থাকুন

শীতের পোশাকের কাপড়ও ত্বকের ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে খসখসে উলের পোশাক সংবেদনশীল ত্বকে চুলকানি ও অস্বস্তি তৈরি করতে পারে। তাই ত্বকের সঙ্গে সরাসরি তুলার নরম পোশাক ব্যবহার করুন। উলের সোয়েটার পরতে হলে ভেতরে সুতির জামা পরে নিন। এতে ত্বকের সঙ্গে উলের সরাসরি ঘর্ষণ কমবে।

১০. শীত অনুযায়ী ত্বকের যত্নের নিয়ম বদলান

সারা বছর একই নিয়মে ত্বকের যত্ন নিলে শীতকালে প্রয়োজনীয় সুরক্ষা নাও মিলতে পারে। এ সময় ঘন ময়েশ্চারাইজার ব্যবহারের পাশাপাশি ত্বক অতিরিক্ত শুষ্ক করে এমন প্রসাধনীর ব্যবহার কমিয়ে দিন। যেমন অতিরিক্ত ফেনা তৈরি করে এমন পরিষ্কারক, অ্যাসিডযুক্ত ত্বক পরিষ্কারের উপাদান এবং রেটিনয়েডজাতীয় প্রসাধনী। প্রয়োজনে এসব উপাদান ব্যবহারের পরিমাণ বা ব্যবধান পরিবর্তন করুন। পাশাপাশি আর্দ্রতা ধরে রাখে এবং ত্বকের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা মজবুত করে, এমন প্রসাধনী বেছে নিন।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

নিয়মিত যত্ন নেওয়ার পরও ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে, ফেটে গেলে কিংবা ব্যথা ও প্রদাহ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ এসব লক্ষণ কখনো কখনো একজিমা, সোরিয়াসিস কিংবা ত্বকের গুরুতর শুষ্কতার কারণে হতে পারে। এসব ক্ষেত্রে বিশেষ চিকিৎসা কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের প্রয়োজন হতে পারে।

শীত মানেই ত্বকের শুষ্কতা কিংবা উজ্জ্বলতা হারানো নয়। নিয়মিত যত্ন, সঠিক প্রসাধনী নির্বাচন, পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে পুরো শীতজুড়েই ত্বক রাখা সম্ভব কোমল ও সুস্থ। তাই শীতের শুরু থেকেই ত্বকের যত্নে সচেতন হোন।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিঁদুর খেলার পর ত্বকের যত্ন নেবেন যেভাবে
দশমী মানেই দেবীবরণের আবেগ, মিষ্টিমুখ আর লাল সিঁদুরে রাঙা একরাশ আনন্দ।
সিঁদুর খেলার পর ত্বকের যত্ন নেবেন যেভাবে
চোখের নিচে কালি পড়ে কেন, কমানোর উপায় কী?
পড়াশোনা, পরীক্ষা কিংবা কাজের ব্যস্ততায় অনেক সময় পর্যাপ্ত ঘুম হয় না। এর প্রভাব পড়ে শরীর ও চেহারায়। বিশেষ করে চোখের নিচে কালচে দাগ, ফোলা ভাব কিংবা সূক্ষ্ম ভাঁজ দেখা দিতে পারে।
চোখের নিচে কালি পড়ে কেন, কমানোর উপায় কী?
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
ঘামের গন্ধ দূর করতে বডি মিস্ট, ডিওডোরেন্ট নাকি পারফিউম কোনটি সেরা?
সকালে বাসা থেকে বের হওয়ার সময় শখ করে দামি পারফিউম স্প্রে করলেন। কিন্তু লোকাল বাসের ভিড় ঠেলে কিংবা কিছুটা হেঁটে অফিসে পৌঁছাতেই দেখা গেল, শরীর থেকে উধাও হয়ে গেছে সুগন্ধ। উল্টো ঘামের দুর্গন্ধে নিজেই অস্বস্তিতে পড়তে হচ্ছে। এমন অভিজ্ঞতা কমবেশি সবারই হয়। অনেকেই এমন পরিস্থিতির জন্য সুগন্ধির ব্র্যান্ড কিংবা মানকে দায়ী করেন। তবে বাস্তবে সমস্যাটা অনেক সময় সুগন্ধির নয়, বরং ভুল ধরনের পণ্য ব্যবহারের। বডি মিস্ট, ডিওডোরেন্ট ও পারফিউম তিনটিই সুগন্ধি পণ্য হলেও এদের কাজ এক নয়। ঘামের দুর্গন্ধ দূর করা, ঘাম নিয়ন্ত্রণ করা কিংবা শরীরে দীর্ঘস্থায়ী সুবাস ধরে রাখার জন্য আলাদা ধরনের পণ্য প্রয়োজন। তাই কখন কোনটি ব্যবহার করা উচিত, তা জানা জরুরি। ডিওডোরেন্ট প্রতিদিন বাইরে বের হতে হয়, গণপরিবহনে যাতায়াত করতে হয় কিংবা দীর্ঘ সময় গরমের মধ্যে থাকতে হয় এমন মানুষের জন্য ডিওডোরেন্ট বেশ কার্যকর। সাধারণভাবে ঘামের নিজস্ব গন্ধ থাকে না। ত্বকে থাকা ব্যাকটেরিয়া ঘামের বিভিন্ন উপাদানের সঙ্গে ক্রিয়া করে দুর্গন্ধ তৈরি করতে পারে। ডিওডোরেন্টের মূল কাজ হলো সেই দুর্গন্ধ নিয়ন্ত্রণ করা। এতে সুগন্ধি উপাদানের পাশাপাশি দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমাতে সহায়ক উপাদান থাকতে পারে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি সব ডিওডোরেন্ট ঘাম বন্ধ করে না। ঘাম কমানোর জন্য ব্যবহৃত পণ্যকে সাধারণত ‘অ্যান্টিপার্সপিরেন্ট’ বলা হয়। এতে ঘামগ্রন্থির কার্যক্রম সাময়িকভাবে কমাতে অ্যালুমিনিয়াম-ভিত্তিক উপাদান থাকতে পারে। তাই ঘামের গন্ধ নিয়ে অস্বস্তিতে থাকলে ডিওডোরেন্ট উপকারী, আর অতিরিক্ত ঘাম কমাতে চাইলে অ্যান্টিপার্সপিরেন্ট বেছে নেওয়া যেতে পারে। পারফিউম বিয়ে, পার্টি, করপোরেট মিটিং কিংবা বিশেষ কোনো অনুষ্ঠানে দীর্ঘস্থায়ী ও আকর্ষণীয় সুবাসের জন্য পারফিউমের জুড়ি নেই। পারফিউমে সুগন্ধি তেলের ঘনত্ব সাধারণত বডি মিস্টের তুলনায় অনেক বেশি। ফলে এর সুবাস তীব্র এবং দীর্ঘস্থায়ী হয়। তবে পারফিউমের মূল কাজ ঘামের দুর্গন্ধ দূর করা নয়; এটি মূলত শরীর বা পোশাকে কাঙ্ক্ষিত সুবাস যোগ করে। তাই প্রচণ্ড ঘামে ভেজা শরীরে সরাসরি পারফিউম স্প্রে করলে কাঙ্ক্ষিত ফল নাও পাওয়া যেতে পারে। বরং ঘামের গন্ধের সঙ্গে পারফিউমের তীব্র সুবাস মিশে অস্বস্তিকর গন্ধ তৈরি করতে পারে। বডি মিস্ট বডি মিস্ট হলো তুলনামূলকভাবে হালকা ধরনের সুগন্ধি। এতে সুগন্ধি উপাদানের ঘনত্ব পারফিউমের চেয়ে কম থাকায় এর সুবাসও সাধারণত কোমল ও স্নিগ্ধ হয়। যারা তীব্র সুগন্ধি পছন্দ করেন না কিংবা হালকা সতেজ অনুভূতি চান, তাদের জন্য বডি মিস্ট ভালো বিকল্প হতে পারে। গোসলের পর, বাসায় থাকার সময় কিংবা বিকেলে হাঁটতে বের হওয়ার আগে এটি ব্যবহার করা যায়। তবে বডি মিস্টের সুবাস সাধারণত পারফিউমের মতো দীর্ঘস্থায়ী হয় না। তাই প্রয়োজন অনুযায়ী দিনে একাধিকবার ব্যবহার করতে হতে পারে। তাহলে কোনটি আপনার জন্য? ঘামের দুর্গন্ধ নিয়ন্ত্রণ করতে চাইলে শুধু পারফিউমের ওপর নির্ভর না করে ডিওডোরেন্ট বা প্রয়োজন অনুযায়ী অ্যান্টিপার্সপিরেন্ট ব্যবহার করাই বেশি কার্যকর। আর দীর্ঘ সময় শরীরে সুন্দর সুবাস ধরে রাখতে চাইলে ডিওডোরেন্ট ব্যবহারের পর পছন্দের পারফিউম ব্যবহার করা যেতে পারে। তবে পরিষ্কার ও শুকনো শরীরে এগুলো ব্যবহার করাই ভালো। অন্যদিকে, যারা হালকা ও স্নিগ্ধ সুবাস পছন্দ করেন, তাদের জন্য বডি মিস্ট হতে পারে আদর্শ। অর্থাৎ, তিনটি পণ্যের কাজ তিন রকম। ঘামের গন্ধ নিয়ন্ত্রণে ডিওডোরেন্ট, ঘাম কমাতে অ্যান্টিপার্সপিরেন্ট, দীর্ঘস্থায়ী সুবাসের জন্য পারফিউম আর হালকা সতেজ অনুভূতির জন্য বডি মিস্ট—ব্যবহারটা হওয়া উচিত প্রয়োজন বুঝে। আরটিভি/এসকে
ঘামের গন্ধ দূর করতে বডি মিস্ট, ডিওডোরেন্ট নাকি পারফিউম কোনটি সেরা?