
স্বাস্থ্যকর খাবার মানেই আকাশছোঁয়া দাম, যা মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে— এমনটা ভেবে থাকেন অনেকেই। কিন্তু পুষ্টিবিদরা বলছেন, এ ধারণা ভুল। শরীরের জন্য উপকারী এমন কিছু খাবার তুলনামূলক দামি। কিন্তু সব নয়। এমন অনেক খাবার রয়েছে, যেগুলো অত্যন্ত স্বাস্থ্যকর। বুদ্ধিমত্তার সঙ্গে পরিকল্পনা করলে স্বল্প বাজেটেও পুষ্টিকর খাবার খাওয়া সম্ভব।
পুষ্টির ইতিবাচক প্রভাব শরীরের জন্য অত্যন্ত জরুরি। এ জন্য সঠিক পরিমাণ অনুযায়ী সুষম খাবার বাছাই করা আবশ্যক। কিন্তু খরচের ওপর বাড়তি চাপ না দিয়ে কী ভাবে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করবেন?
সঠিক পরিকল্পনা
ডায়েট করার সময় নিজেদের ইচ্ছেমতো খাবার খাদ্যতালিকায় রাখলে চলবে না। চাই পুষ্টিবিদের পরামর্শ। পুষ্টিবিদকে আগে থেকেই বলে রাখুন বাজেটের কথা মাথায় রেখে খাদ্যতালিকা প্রস্তুত করে দিতে।
মৌসুমি শাকসবজি রাখুন খাদ্যতালিকায়
মৌসুমি শাকসবজি সস্তা, তাজা ও পুষ্টিকর হয়। অনলাইনে মৌসুমি ফল, শাকসবজির ওপর প্রায়ই ছাড় দেওয়া হয়। চাইলে অনলাইনেও কিছু কেনাকাটা করতে পারেন।
একসঙ্গে অনেকটা কেনাকাটা করুন
বাজারে গিয়ে একসঙ্গে অনেকটা ফল-শাকসবজি কিনলে দাম কম পড়ে। তবে শাকসবজি ও ফলমূল ফ্রিজে যেন ভালো করে মজুত করা হয়, সেদিকে নজর রাখতে হবে। না-হলে পচে যেতে পারে।
নামি-দামি সংস্থার জিনিস নয়
আঞ্চলিক বাজার বা অনলাইন থেকে কেনাকাটা করাই শ্রেয়। নামি-দামি শপিং মল থেকে খাবার জিনিস কিনলে দাম অনেক বেশি পড়ে। আঞ্চলিক বাজারে অনেক পণ্যের দামের ওপরে ছাড় দেওয়া হয়, শপিং মলে গিয়ে কেনাকাটা করলে সেই সুযোগ থাকে না।
স্বাস্থ্যকর নাস্তা
ডায়েট করার সময় সবচেয়ে বেশি মুশকিলে পড়তে হয় হালকা খিদে পেলে কী খাবেন, সেটা ভেবে। সে ক্ষেত্রে নামি-দামি দোকানের খাবার না খেয়ে বাড়িতে খেতে পারেন ফল, ছোলা কিংবা অঙ্কুরিত মুগ ডাল।




