
সারাদিনের কর্মব্যস্ততা শেষে রাতে খাওয়ার পর অলসতা বা ক্লান্তির কারণে অনেকেই এঁটো থালাবাসন সিঙ্কে জমিয়ে রাখেন। কিন্তু স্বাস্থ্যবিশেষজ্ঞ ও অণুজীববিজ্ঞানীদের মতে, এই সামান্য অবহেলা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি বয়ে আনতে পারে। কিচেন সিঙ্ক এমনিতে দেখতে পরিষ্কার মনে হলেও এটি আসলে ব্যাকটেরিয়ার স্বর্গরাজ্য।
বিশেষ করে যখন সেখানে এঁটো বাসনকোসন ফেলে রাখা হয়, তখন উষ্ণ ও স্যাঁতসেঁতে পরিবেশে ই কোলাই, সালমোনেলা এবং স্টেফাইলোকক্কাস অরিয়াসের মতো বিপজ্জনক জীবাণু দ্রুত বংশবিস্তার শুরু করে।
গবেষণায় দেখা গেছে, রান্নার সিঙ্কে অনেক সময় টয়লেটের চেয়েও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে, যা খাদ্যে বিষক্রিয়া থেকে শুরু করে পেটের নানা জটিল অসুখের কারণ হয়ে দাঁড়ায়।
নোংরা থালাবাসন সিঙ্কে ভিজিয়ে রাখা আরও বেশি বিপজ্জনক। অণুজীববিজ্ঞানী জেসন টেট্রোর মতে, ব্যাকটেরিয়াগুলো থালাবাসনে লেগে থাকা খাবারের অবশিষ্টাংশ থেকে পুষ্টি সংগ্রহ করে এবং পানির মাধ্যমে সহজেই রান্নাঘরের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে। কল থেকে পানি নেওয়ার সময় বা থালাবাসন পরিষ্কারের সময় পানির ছিটা থেকে এই জীবাণুগুলো আমাদের হাতে, স্পঞ্জে কিংবা সরাসরি শরীরে প্রবেশ করতে পারে।
এমনকি গ্লাভস না পরে এসব বাসন মাজলে নখের কোণা বা ত্বকের সামান্য কাটাছেঁড়া থেকেও সংক্রমণ হতে পারে। যা দীর্ঘমেয়াদে কিডনির জটিলতা কিংবা ত্বকের ইনফেকশন তৈরির আশঙ্কা বাড়িয়ে দেয়।
এছাড়া এঁটো বাসনের গন্ধে আকৃষ্ট হয়ে আসা পোকামাকড়ও জীবাণু ছড়াতে বড় ভূমিকা পালন করে।
সুস্থ থাকতে বিশেষজ্ঞরা পরামর্শ দেন, রাতে খাওয়ার পর থালাবাসন ফেলে না রেখে যত দ্রুত সম্ভব পরিষ্কার করে ফেলা। থালাবাসন ধোয়ার জন্য আধুনিক ডিশওয়াশার ব্যবহার করা সবচেয়ে নিরাপদ, কারণ এতে উচ্চ তাপমাত্রায় জীবাণু পুরোপুরি ধ্বংস হয়। তবে হাত দিয়ে ধোয়ার ক্ষেত্রে গরম সাবান-পানি ব্যবহার করে বাসনগুলো ভালোভাবে ধুয়ে বাতাসে শুকিয়ে নেওয়া উচিত।
পাশাপাশি বাসন মাজার স্পঞ্জটি নিয়মিত পরিষ্কার করা অত্যন্ত জরুরি। যদি খুব ব্যস্ততার কারণে তাৎক্ষণিক ভাবে পরিষ্কার করা সম্ভব না হয়, তবে অন্তত যত দ্রুত সম্ভব কাজ শেষ করার চেষ্টা করতে হবে।
সবশেষে, সিঙ্কটি সাবান-পানি দিয়ে ধুয়ে সেখানে অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে ব্যবহার করে ৫-১০ মিনিট রেখে দিলে তা জীবাণুমুক্ত থাকে। শরীরকে রোগমুক্ত রাখতে রাতের এই ছোট অভ্যাসটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।
আরটিভি/এএইচ




