
একটি সুস্থ ও সুন্দর বন্ধুত্বের ভিত্তি হলো পারস্পরিক শ্রদ্ধা এবং নিঃস্বার্থ ভালোবাসা, যেখানে কোনো দ্বিধা-দ্বন্দ্ব বা লুকোছাপার জায়গা থাকে না। কিন্তু অনেক সময় গভীরতম বন্ধুত্বেও ফাটল ধরাতে পারে ঈর্ষা বা হিংসে। যদি কখনো মনে হয় আপনার ঘনিষ্ঠ বন্ধুটি আপনার প্রতি ঈর্ষান্বিত, তবে বিষয়টি এড়িয়ে না গিয়ে এর পেছনের মনস্তত্ত্ব বোঝা জরুরি।
মনস্তাত্ত্বিকদের মতে, ঈর্ষা একটি খুবই স্বাভাবিক মানবিক আবেগ এবং যে কারো মনেই অন্যের সাফল্য, রূপচর্চা, ক্যারিয়ার কিংবা আর্থিক অবস্থা নিয়ে এই অনুভূতির উদয় হতে পারে। তবে এই লুকানো অনুভূতিটি যদি বিষাক্ত আচরণে রূপ নেয়, তবে তা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়।
বিশেষ করে আত্মবিশ্বাসের অভাব থেকে মানুষের মধ্যে এমন হিংসে জন্মাতে পারে, যার প্রভাব শেষ পর্যন্ত বন্ধুত্বের ওপর পড়ে।
বন্ধু গোপনে ঈর্ষান্বিত কি না তা বোঝার জন্য কিছু নির্দিষ্ট আচরণের দিকে নজর দেওয়া প্রয়োজন। সাধারণত একজন ঈর্ষান্বিত বন্ধু আপনার ভালো সময়ে আপনার পাশে না থেকে বরং আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করে। যখন আপনার জীবনে কোনো বড় সাফল্য আসে, তারা হয়তো সেই আনন্দ উদযাপন না করে অন্য কোনো আলোচনায় মেতে থাকে কিংবা আপনাকে কোনো পরিকল্পনা থেকে বাদ দিয়ে দলছুট করার চেষ্টা করে।
আবার এমনও দেখা যায় যে, আপনি যখন বিপদে থাকেন তখনই তারা বেশি সক্রিয় হয়ে ওঠে, কিন্তু আপনার খুশির মুহূর্তে তারা রহস্যজনক ভাবে অদৃশ্য হয়ে যায়। ঠাট্টা-মশকরার ছলে আপনার অনুভূতিকে আঘাত করা, ক্রমাগত তুলনা করা কিংবা আপনার সাফল্যের মধ্যে খুঁত খুঁজে বের করা ঈর্ষান্বিত আচরণের অন্যতম বড় লক্ষণ।
সামাজিক ও মানসিক ক্ষেত্রে এই নেতিবাচকতা আরও প্রকট হয়ে ওঠে। ঈর্ষান্বিত বন্ধুরা প্রায়ই আপনার আত্মবিশ্বাসে আঘাত হানার চেষ্টা করে, যার ফলে আপনি নিজেকে নিয়ে সন্দেহ পোষণ করতে শুরু করেন। মনোবিজ্ঞানীদের মতে, এমন বন্ধুত্বে বিশ্বাসযোগ্যতা কমে যায় এবং ক্ষোভ বাড়ার কারণে একটি মানসিক দূরত্ব তৈরি হয়। এটি কেবল সম্পর্ককেই নষ্ট করে না, বরং আপনার ব্যক্তিগত শান্তিও কেড়ে নেয়।
ক্রমাগত সমালোচনা আপনার আত্মসম্মানবোধকে দুর্বল করে দেয় এবং আপনি নিজেকে যথেষ্ট যোগ্য নন বলে ভাবতে শুরু করেন। এই বিষাক্ত চক্র থেকে বেরিয়ে আসতে হলে পরিস্থিতি মোকাবিলা করা এবং বন্ধুর সঙ্গে সরাসরি কথা বলা জরুরি।
যদি আপনি মনে করেন এই বন্ধুত্বটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ, তবে খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করুন।
সম্পর্কের ক্ষেত্রে নির্দিষ্ট সীমানা নির্ধারণ করা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ বন্ধুত্ব মানেই সব বিষয়ে একমত হওয়া বা সবসময় ‘হ্যাঁ’ বলা নয়। তবে বারবার আলোচনার পরেও যদি বন্ধুর আচরণে কোনো পরিবর্তন না আসে এবং হিংসে চলতেই থাকে, তবে নিজের মানসিক প্রশান্তির খাতিরে সেই সম্পর্ক থেকে দূরত্ব তৈরি করাই বুদ্ধিমানের কাজ।
মনে রাখা প্রয়োজন যে, বন্ধুত্ব কোনো প্রতিযোগিতা নয়, বরং এটি একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার একটি নিরাপদ আশ্রয়স্থল।
আরটিভি/এএইচ




