
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ৬৫ লাখ ৫০ হাজার টাকার ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছে আদালত।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর আবেদনের প্রেক্ষিতে বুধবার (৭ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক আব্দুল লতিফ ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করেন।
আবেদনে বলা হয়, ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নামীয় ব্যাংক হিসাবগুলোতে সন্দেহজনক লেনদেন ধরা পড়েছে। প্রাথমিক অনুসন্ধানে খুন, সন্ত্রাস ও অর্থায়নের সঙ্গে ফয়সাল করিমের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১৪ ও ১৭(২) ধারা অনুযায়ী এসব হিসাব অবরুদ্ধ ও বাজেয়াপ্ত করা প্রয়োজন।
হাদি হত্যাকাণ্ডের মামলায় ফয়সাল করিম মাসুদ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিসহ ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেছে গোয়েন্দা পুলিশ। তাদের মধ্যে ১১ জন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন, বাকিরা পলাতক।
হাদির হত্যাকাণ্ড ঘটেছিল ১২ ডিসেম্বর। মতিঝিলের জুমার নামাজ শেষে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানেই ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
হাদির মৃত্যুর পর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন, যা পরে হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয়।
আরটিভি/এসকে




