ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির নিরঙ্কুশ বিজয়কে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যমগুলো

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ এএম
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের বিদায়ের প্রেক্ষাপটে দেড় বছর নির্বাচিত সরকারবিহীন দেশ চলার পর অবশেষে অনুষ্ঠিত হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ নির্বাচনে বিপুল ব্যবধানে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে দলটি।

এমন বাস্তবতায় বিএনপি-প্রধান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স পোস্টে বিএনপি চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘এই ফলাফল আপনার (তারেক রহমান) নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।’

ভারতের প্রধানমন্ত্রী তার শুভেচ্ছাবার্তায় আরও লিখেছেন, ‘ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে।’

দিল্লির এমন শুভেচ্ছাবার্তা গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম। পাশাপাশি প্রচার করছে, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণীও।

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন বিকেলে আনন্দবাজার পত্রিকার অনলাইনে প্রধান প্রতিবেদনটির শিরোনাম ছিল—‘নৌকাবিহীন ভোটে বাংলাদেশের আস্থা চেনা ধানের শিষের উপর, ক্রমশ পিছোতে পিছোতে কুড়ি বছর পর “সবার আগে” বিএনপি।’

এতে বলা হয়, ‘শেষ কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়েছে খালেদা এবং হাসিনাকে কেন্দ্র করেই। এই অক্ষ থেকে বাংলাদেশের রাজনীতিকে বার করে আনার ডাক দিয়েছিলেন জামায়াত, এনসিপি-র নেতারা। কিন্তু, বাংলাদেশের জনগণ এখনো অচেনা বা অল্প চেনাদের হাতে শাসনভার দিতে স্বচ্ছন্ন নন।’

প্রতিবেদনের ভাষ্য, ‘সবার আগে বাংলাদেশ’! এই স্লোগান নিয়ে নির্বাচনি লড়াইয়ে নেমেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ভোটের ফল বলছে, বাংলাদেশের জনগণ ‘সবার আগে’ রাখল সেই বিএনপিকেই। আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা না হলেও গণনায় স্পষ্ট ইঙ্গিত, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০ বছর পর ফের ঢাকার মসনদে ফিরছে প্রয়াত খালেদা জিয়ার দল।

অপর প্রতিবেদনের শিরোনাম ছিল—‘ভোটে হারলেও বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে সেরা ফল জামায়েতের, শফিকুরদের উত্থান কি চাপে ফেলে দেবে ভারতকে?’।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক শীর্ষ প্রতিবেদনের শিরোনাম ছিল: ‘তারেককে অভিনন্দন জানিয়ে সমাজমাধ্যমে বাংলায় পোস্ট মোদির, একসঙ্গে কাজের বার্তা, শুভেচ্ছা জানালো আমেরিকাও’।

প্রতিবেদনটিতে বলা হয়, ১৩ ফেব্রুয়ারি সকালে সমাজমাধ্যমে প্রথমে ইংরেজি ও পরে বাংলায় পোস্ট করে তারেককে ‘আন্তরিক অভিনন্দন’ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ওই দুই পোস্টে ভারতীয় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।’

প্রতিবেদনটিতে নরেন্দ্র মোদির বাংলা পোস্ট তুলে ধরা হয়েছে। পোস্টে ভারতীয় প্রধানমন্ত্রী আরও লিখেন, ‘এই ফলাফল আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে।’

নরেন্দ্র মোদির আশা—‘আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি।’

একইদিনে পত্রিকাটির অপর প্রতিবেদনের শিরোনাম ছিল—‘ঘনিষ্ঠতা চায় পাকিস্তান, বাংলাদেশে তারেক রহমানের জয় নিশ্চিত হতেই পোস্ট পাক প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের! কী বার্তা।’

প্রতিবেদনটিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সমাজমাধ্যম বার্তা তুলে ধরে বলা হয়: ‘সবকিছু ঠিক থাকলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানই হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। জয় নিশ্চিত জেনে পাকিস্তান থেকেও এলো শুভেচ্ছাবার্তা। তারেককে জয়ের অভিনন্দন জানিয়ে সমাজমাধ্যম পোস্ট করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বার্তা দিয়েছেন তিনি। বার্তা এসেছে পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির কাছ থেকেও।’

এতে আরও বলা হয়, ‘তবে হাসিনা দেশ ছাড়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বেড়েছে। দীর্ঘদিন পরে ঢাকা থেকে করাচি পর্যন্ত রুটে শুরু হয়েছে বিমান চলাচল। বাণিজ্য, প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির বার্তা দিলো পাকিস্তান।’

আরও পড়ুন

ভোটের দিন বিকেলে বাংলাদেশের নির্বাচনের খবরের পাশাপাশি সংবাদমাধ্যমটি শেখ হাসিনার বার্তা নিয়ে ভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদনটি পরদিন দুপুরেও দৈনিকটির ওয়েবসাইটে দেখা যায়।

প্রতিবেদন অনুসারে, ‘সমাজমাধ্যমে হাসিনার দাবি, দেশবাসী এই “প্রহসনের ভোটকে প্রত্যাখ্যান” করেছেন।’

এতে আরও বলা হয়, ‘হাসিনা মনে করেন, “ভোটগ্রহণের উৎকৃষ্ট সময়ে জনগণের এই কম অংশগ্রহণ” প্রমাণ করে যে, তারা ভোট প্রত্যাখ্যান করেছেন।’

বিএনপি নেতা তারেক রহমানকে দেওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবাণী প্রচার করেছে ‘এই সময় অনলাইন’। বাংলাদেশের নির্বাচনের পরদিনও সংবাদমাধ্যমটি লাইভ সংবাদ পরিবেশনের ব্যবস্থা রেখেছিল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত মমতার বার্তাটি সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে তুলে ধরা হয়।

পোস্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন। আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।’

অপর এক প্রতিবেদনের শিরোনাম করা হয়—‘… বাংলাদেশের পাশে থাকবে ভারত’, খালেদাপুত্র তারেককে বার্তা নরেন্দ্র মোদির’। এতে বলা হয়, ‘ক্ষমতার কেন্দ্রে আসার পরে খালেদাপুত্র তারেক রহমানের পররাষ্ট্রনীতি ঠিক কেমন হবে, এখন সব নজর সেই দিকেই।’

আজকাল-এর প্রধান প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘এপার-ওপার সুসম্পর্কের বার্তা, “তারেক ভাইকে” শুভেচ্ছা বাংলার মুখ্যমন্ত্রী মমতার’।

এতে বলা হয়, ‘ওপার বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পথে বিএনপি। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, মোদি থেকে মমতা, তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রধান প্রতিবেদনের শিরোনামে বলা হয়, ‘দিল্লিতে বসে ভোট প্রত্যাখ্যান হাসিনার, বাংলাদেশের ভোটে জয় নিয়ে তারেক রহমানকে কী বার্তা মোদির?’

এর আগে, খালেদা জিয়ার মৃত্যুর পরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসেছিলেন তারেকের সঙ্গে দেখা করতে—সেই তথ্য জানিয়ে প্রতিবেদনটিতে আরও বলা হয়, ‘দিল্লিতে অবস্থিত বাংলাদেশি হাইকমিশনে গিয়ে শোকবার্তা লিখেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লোকসভা ও রাজ্যসভায় খালেদা জিয়ার মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়েছিল।’

দ্য স্টেটসম্যান-এর বাংলা সংস্করণ দৈনিক স্টেটসম্যান-এর দুইটি প্রধান প্রতিবেদন পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে ছাপানো হয়। একটির শিরোনামে বলা হয়—‘বাংলাদেশ নির্বাচন: ২১২ আসনে এগিয়ে বিএনপি, সরকার গঠনের পথে’।

প্রতিবেদনটির ভাষ্য—‘রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন নজর থাকবে সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণা এবং মন্ত্রিসভা গঠনের দিকে।’

অপর প্রধান প্রতিবেদনের শিরোনাম ছিল: ‘প্রহসনের ভোট বলে তোপ শেখ হাসিনার, ভোটের হার ঘিরে উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি’।

এতে বলা হয়—‘রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের হার ও স্বচ্ছতা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তা আগামী কয়েকদিন বাংলাদেশের রাজনীতিকে উত্তপ্ত রাখবে।’

বাংলাদেশের নির্বাচনের বেসরকারি ফল প্রকাশের পর এক বিশাল ব্যানার শিরোনাম করে সংবাদ প্রতিদিন; বলা হয়—‘প্রত্যাবর্তনেই পরিবর্তন’। সংবাদমাধ্যমটির ওয়েব পেজের ওপরের অংশজুড়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে একাধিক প্রতিবেদন ছিল।

একটি প্রতিবেদনের শিরোনাম ছিল—‘ড্রাগনের “রক্তচক্ষু” “চিকেনস নেক”-এ! বিএনপি জিততেই “একসঙ্গে কাজ করার” বার্তা চীনের’।

প্রতিবেদনটিতে হাসিনা-পরবর্তী বাংলাদেশের সঙ্গে ‘ভারতবিরোধী’ পাকিস্তান ও চীনের ঘনিষ্ঠতার পাশাপাশি ‘সেভেন সিস্টার্স’ হিসেবে পরিচিত ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় ৭ রাজ্য ও ‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত ২০ কিলোমিটারের শিলিগুড়ি করিডোর নিয়ে নয়াদিল্লির উদ্বেগের কথা তুলে ধরা হয়।

একইদিন বিকেলে টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে গুরুত্বের সঙ্গে মোদি-তারেকের ফোনালাপের কথা জানানো হয়। বিএনপি নেতার কাছে নরেন্দ্র মোদি ‘শান্তি ও অগ্রগতি’র আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন বলেও সংবাদ প্রতিবেদনে বলা হয়।

হিন্দুস্তান টাইমস-এর অনলাইন সংস্করণে ভোটের পরদিনও বাংলাদেশের নির্বাচনের সংবাদ গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে। এ দিনেও নির্বাচনের সংবাদের লাইভ কাভারেজ দেওয়া হয়।

ওইদিন একটি প্রতিবেদনে ২০ বছর পর নির্বাচনে জিতে বিএনপির ক্ষমতায় আসার সংবাদ দেওয়া হয়। অপর এক প্রতিবেদনের শিরোনামে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা পাঠানোর তথ্য দিয়ে নাটকীয়ভাবে বলা হয়—‘ইন্ডিয়া উইল…’।

অর্থাৎ, নরেন্দ্র মোদির বার্তাটিতে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সহযোগিতা চালিয়ে যাওয়ার যে আশ্বাস দেওয়া হয়েছে, তা প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।

দ্য হিন্দু বাংলাদেশের নির্বাচনের পরদিনও লাইভ আপডেট দেয়। ওইদিন বিকেলে লাইভ আপডেটের প্রধান শিরোনামে নির্বাচনের ফল নিয়ে জামায়াতের অসন্তোষের কথা তুলে ধরা হয়।

একইদিনে সংবাদমাধ্যমটি বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের উত্থান নিয়ে একটি বিশ্লেষণধর্মী নিবন্ধও প্রকাশ করে।

ইন্ডিয়া টুডে-ও বাংলাদেশের নির্বাচন, বিএনপির জয় ও বিএনপি নেতা তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দনের সংবাদসহ একাধিক প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনগুলোয় বাংলাদেশের গণতন্ত্রের প্রতি ভারতের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিশাল সুখবর, ফ্লাইটের তারিখ ঘোষণা
দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী ২৬ নভেম্বর সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি ১১২ জন কর্মী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ফ্লাইটটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে কর্মীরা কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। বোয়েসেল সূত্রে জানা গেছে, সম্পূর্ণ বিনা খরচে এসব কর্মী মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। তাদের যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।  সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ নিয়োগের জন্য লটারির মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়।  শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কাজের সুযোগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচিত করা হয়। তবে দুই দিনব্যাপী সাক্ষাৎকারে নির্বাচিত ৩০০ জনের মধ্যে কয়েকজন প্রার্থী অনুপস্থিত ছিলেন। এ কারণে তাদের বাদ দিয়ে অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নতুন করে আরও ৫০ জনকে সাক্ষাৎকারে অংশ নেয়ার সুযোগ দেওয়া হয়।  পরবর্তী সময়ে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নির্বাচন করে মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া। উল্লেখ্য, ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মালয়েশিয়া প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছিল। তবে ১০১টি এজেন্সির একটি সিন্ডিকেটের মাধ্যমে কর্মী নিয়োগ, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগে ২০২৪ সালের জুন থেকে দেশটিতে কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়। এর আগেও ২০০৮-২০১২, ২০১৬-২০১৮ এবং ২০১৯-২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে একই ধরনের সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়েছিল। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী নির্বাচনের উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার পাশাপাশি কর্মী নির্বাচনে অনিয়মের সুযোগ কমানোর বার্তা দেয়া হচ্ছে। আরটিভি/এসআর
মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিশাল সুখবর, ফ্লাইটের তারিখ ঘোষণা
ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ছেড়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪ টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপ ছেড়ে আসে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এসব তথ্য জানান। এর আগে সকাল সাড়ে ১১ টায় স্বর্ণদ্বীপে হেলিকপ্টারটি অবতরণ করে।  তিনি জানান, স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়। নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। গত এক যুগেরও বেশি সময়ে সেখানে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও অনুষ্ঠিত হয়েছে। তবে এই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে। আজ সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহড়া পরিদর্শন শেষে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী ঢাকার পথে রওনা হয়েছেন। আরটিভি/এসআর
ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ছেড়েছেন প্রধানমন্ত্রী
ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ।
ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার
শান্তিরক্ষায় সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা আইরিন খানের
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান। এ সময় তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।
শান্তিরক্ষায় সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা আইরিন খানের
নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে পাকিস্তানের টিসিপির সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে টিসিবি
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে পাকিস্তান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে টিসিবি ও পাকিস্তানের রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সমঝোতা স্মারক সই হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উপস্থিত থাকার কথা রয়েছে।  এ ছাড়াও সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দারের সই করার কথা রয়েছে। এ বিষয়ে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, এই এমওইউ মূলত দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে করা হচ্ছে। এই এমওইউর অধীনে দুই দেশ কৃষিপণ্য ও কৃষি যন্ত্রপাতি আমদানি-রপ্তানি করবে। তবে এই আমদানি-রপ্তানি অবশ্যই প্রতিযোগিতামূলক মূল্যে হবে। টিসিবির চেয়ারম্যান জানান, পাকিস্তান তেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ ও সার রপ্তানির বিষয়ে আগ্রহ দেখিয়েছে। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে সূর্যমুখী তেল, রাইস ব্র্যান অয়েল, আম, আনারস, কাঁঠাল, আলু ও চা রপ্তানির পরিকল্পনা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে মসুর ডাল, ছোলা ও খেজুর আমদানির বিষয়টি প্রাথমিকভাবে বিবেচনায় রয়েছে। তবে কী পরিমাণ পণ্য আমদানি করা হবে, কী দামে কেনা হবে এবং সরবরাহের সময়সূচি কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এসব পণ্য আমদানির ক্ষেত্রে দুই দেশের রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের পরিকল্পনা করেছে টিসিবি। এর মধ্যে রয়েছে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা ও ৪ হাজার ৪০০ টন খেজুর। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এসব পণ্যের প্রায় ৫০ শতাংশ স্থানীয় বাজার থেকে এবং বাকি ৫০ শতাংশ আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করা হবে। আন্তর্জাতিক বাজারে দাম ও সরবরাহ পরিস্থিতি অনুকূলে থাকলে বিদেশ থেকে পণ্য কেনার পরিমাণ বাড়ানোর সুযোগও রয়েছে। আরটিভি/এসআর
নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে পাকিস্তানের টিসিপির সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে টিসিবি
আরও পড়ুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতা রুখতে গোপালগঞ্জের প্রবেশমুখে নড়াইল বিএনপির বিক্ষোভ
পালিয়ে গিয়েও প্রতিশোধের রাজনীতি করছেন শেখ হাসিনা: রিজভী
পার্লামেন্টে আইন করা উচিত, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ‘জাতীয় শয়তান’: রিজভী
বিএনপি নেতাকর্মীদের মূল্যায়নে ইউএনও-ডিসিকে চিফ প্রসিকিউটরের হুঁশিয়ারি