শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে আটটা শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচনে ৫০ দশমিক ৫২ শতাংশ ভোট পড়েছে।
ফলাফল অনুযায়ী, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) উপনির্বাচনে নির্বাচনে মোট ১২৮টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই আসনে ভোটগ্রহণ চলে।
শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সুষ্ঠু ও স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কিছু স্থানে জাল ভোটের ঘটনা ঘটেছে, জড়িতদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আরটিভি/এসএস



