হামের টিকাদান কর্মসূচি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর ভিডিওবার্তা

আরটিভি নিউজ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬ , ১০:৩৬ পিএম


হামের টিকাদান কর্মসূচি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর ভিডিওবার্তা
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার (২০ এপ্রিল) থেকে দেশজুড়ে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গড়তে শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (১৯ এপ্রিল) এক ভিডিওবার্তায় এই আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে।

তিনি বলেন, আজকের শিশু আগামী দিনে জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে চলতি মাসের ৫ তারিখে বাংলাদেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এটা চলছে। আপনারা আরও আনন্দিত হবেন যে, আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী ৬ মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সকল শিশুর জন্য বিনামূল্যে এক ডোজ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গঠনে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর, কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়নকর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে একডোজ টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission