জুনের মধ্যে হবে জ্বালানি নীতিমালা: জ্বালানিমন্ত্রী

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ১০:৫৪ পিএম


জুনের মধ্যে হবে জ্বালানি নীতিমালা: জ্বালানিমন্ত্রী
ছবি: সংগৃহীত

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জুনের মধ্যে জ্বালানি নীতিমালা হবে। বৃহস্পতিবার (৭ মে) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, রাজধানীর প্রতিটি বাড়িতে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। তবে এ সময় সাংবাদিকরা বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে প্রশ্ন করলেও তিনি কোনো মন্তব্য করেননি।

জ্বালানিমন্ত্রী আলোচনার এক পর্যায়ে বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশ নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে। মধ্যপ্রাচ্যের সংঘাত বিকল্প জ্বালানির প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করে তুলেছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। তবে নবায়নযোগ্য জ্বালানি খাতে এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বর্তমানে দেশের মোট বিদ্যুৎ চাহিদার মাত্র ৪ থেকে ৫ শতাংশ পূরণ হচ্ছে এ খাত থেকে।

তবে এরইমধ্যে বিদ্যুতের ঘাটতি মেটাতে সরকার সোলারের ওপর বিশেষ জোর দিচ্ছে। পরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরে সোলার থেকে ১০ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। 

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আপনাদেরকে যাতে ট্যাক্স বেশি না দিতে হয় সেজন্য আমরা আলোচনা করছি। আমি আশা করি যে এই মাসের মধ্যে আমরা একটা পলিসি তৈরি করতে পারব এবং জুন মাসের মধ্যে আমরা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে এটাকে কী বলে সরকারি আদেশ হিসেবে আমরা ছাড়তে পারবো।

আরও পড়ুন

এসময় মন্ত্রী জানান, বিদ্যুতের বিকল্প ব্যবস্থা তৈরি করতে সোলার পাওয়ারকে সহজলভ্য করা হবে। রাজধানীতে বিদ্যুতের চাপ কমাতে প্রতিটি বাসার ছাদে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগের পাশাপাশি সরকার নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সোলার ও উইন্ড এনার্জিকে বিশেষ গুরুত্ব দিতে চায় বলে উল্লেখ করেন জ্বালানিমন্ত্রী। আগামী জুনের মধ্যে সরকারি আদেশ জারির মাধ্যমে এ বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।

জ্বালানিমন্ত্রী আরও বলেন, ঢাকা শহরে আপনাদের প্রত্যেকটা হাউজহোল্ডকে যদি আমরা এই সোলারের আওতায় নিয়ে আসতে পারি এবং প্রাইভেট এন্টারপ্রেনারদেরকে যদি দেই, তাহলে আমি মনে করি যে আমার ঢাকার যে লোডটা আছে, অনেক লোড কমে যাবে।

আরটিভি/কেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission