সংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে ডিএপি সার কারখানা

আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬ , ০৯:৫৪ পিএম


সংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে ডিএপি সার কারখানা
ছবি: সংগৃহীত

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত্ব ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার উৎপাদনকারী কারখানাটি সাময়িক বন্ধ থাকার পর শনিবার থেকে ফের উৎপাদন শুরু করতে যাচ্ছে।  

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সাময়িক অ্যামোনিয়া সংকট কাটিয়ে উৎপাদন শুরু করতে যাচ্ছে। 

শুক্রবার (৮ মে) কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান আলমগীর জলিল বলেন, কাফকো উৎপাদনে ফেরায় আমরা আবার অ্যামোনিয়া পাচ্ছি। কিছুদিন মজুত করার পর শনিবার সকাল থেকে কারখানা চালু করা হবে, দুপুর নাগাদ উৎপাদন শুরু হবে।  

তিনি জানান, প্রতিষ্ঠানটি শুরু থেকেই দুটি বড় সার কারখানা, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কম্পানি লিমিটেডে (কাফকো) থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে উৎপাদন চালিয়ে আসছে। গ্যাস সংকটে দুটি কারখানা বন্ধ থাকায় অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে যায়। মজুত অ্যামোনিয়া শেষ হয়ে যাওয়ায় গত ১৮ এপ্রিল ডিএপিএফসিএলের উৎপাদনও সাময়িকভাবে বন্ধ করতে হয়।

ডিএপিএফসিএল সূত্র জানায়, শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি নিয়ন্ত্রিত ডিএপিএফসিএল কারখানাটি ২০০৬ সাল থেকে বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কারখানাটির দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) মিলিয়ে দৈনিক উৎপাদন ক্ষমতা ৮০০ টন। 

কাফকোর চিফ অব অপারেশন ফারুক আহমেদ বলেন, সরকারি সিদ্ধান্তে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গত ৪ মার্চ বিকেল থেকে কারখানাটির উৎপাদন স্থগিত ছিল। পরে গত ১ মে গ্যাস সরবরাহ চালু হলে প্রস্তুতি শেষে ২ মে বিকেল থেকে উৎপাদন শুরু হয়। বর্তমানে প্রতিদিন প্রায় ১ হাজার ৮০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হচ্ছে। ফলে ডিএপি সার কারখানায় অ্যামোনিয়াম সরবরাহ স্বাভাবিক হয়।

আরও পড়ুন

প্রসঙ্গত, সরকারি নির্দেশনায় গত ৪ মার্চ থেকে কাফকো ও সিইউএফএলের উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে কাফকো চালু হলেও সিইউএফএল এখনো বন্ধ রয়েছে। কাফকোর উৎপাদন শুরু হওয়ায় ডিএপি কারখানাতেও উৎপাদন চালুর সম্ভাবনা তৈরি হয়।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission