
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের ১৮ বছর বয়স থেকেই রক্তদানের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।
রোববার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্পেইনের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিআরএফ ইয়ুথ ক্লাব।
ক্যাম্পেইনে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজেদের রক্তের গ্রুপ পরীক্ষা করান। অংশগ্রহণকারীদের অনেকেই প্রথমবারের মতো নিজেদের রক্তের গ্রুপ জানার সুযোগ পান। পাশাপাশি শিক্ষার্থীদের রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়।
ক্যাম্পেইনে রক্তের গ্রুপ পরীক্ষা করানো প্রতিষ্ঠানটির একাদশ শ্রেণির শিক্ষার্থী আয়মান বলেন, ‘অনেক আগে একবার রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছিলাম। তবে ক্যাম্পাসে বিনামূল্যে আবারও নিজের রক্তের গ্রুপ নিশ্চিত হতে পেরে খুব ভালো লাগছে। আমার বয়স এখনো ১৮ বছর পূর্ণ হয়নি। তবে ১৮ হলে অবশ্যই নিয়মিত রক্তদান করব, ইনশাআল্লাহ।’
কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে চবি বিআরএফ ইয়ুথ ক্লাবের কোষাধ্যক্ষ এস এম শিহাব বলেন, ‘আজকের ক্যাম্পেইনে আমরা শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্যোগ নিয়েছি। আমাদের মূল উদ্দেশ্য হলো সামাজিক সচেতনতা তৈরি করা, যাতে তরুণদের মধ্যে ছোটবেলা থেকেই রক্তদানের আগ্রহ জন্মে। মানবিক ও সেবামূলক এ ধরনের কর্মসূচি আমাদের ক্লাব ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করে যাবে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিআরএফ ইয়ুথ ক্লাব পরিচ্ছন্নতা অভিযান, রোগীদের প্যালিয়েটিভ কেয়ার, দুর্যোগে ত্রাণ বিতরণ ও রক্তদানসহ বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করে আসছে। ‘১৮তম জন্মদিনে রক্তদান’ সংগঠনটির একটি নিয়মিত উদ্যোগ।
আরটিভি/ এসকেডি




