ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১০:০৮ পিএম
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

বর্তমানে চলমান হামের টিকা সংকট কাটলে অন্তর্বর্তী সরকারের সময়ে টিকা ব্যবস্থাপনায় কোনো ভুল হয়েছে কিনা তা তদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১৩ মে) সরকারি টিকার বর্তমান অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, তদন্ত করব না, সেটা বলিনি। এখন আমরা সংকটকাল অতিক্রম করছি। এ সংকট শেষ হলেই আমরা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেব।

আরও পড়ুন

তবে, দোষী ব্যক্তি নির্ধারণের চেয়ে এ মুহূর্তে শিশুদের সুরক্ষা নিশ্চিত করাকেই সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানান তিনি। তার ভাষ্য, টিকা নিয়ে কী ভুল করেছে, সেটা খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে। আমরা এটাই চেষ্টা করছি।

দেশে বর্তমানে হামের চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আক্রান্তদের জন্য আইসোলেশন, আইসিইউ ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে এবং চিকিৎসকেরাও সক্রিয়ভাবে কাজ করছেন।

দেশে হামের প্রাদুর্ভাবে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গ দেখা দেওয়া শিশুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন জটিলতায় টিকা কেনা হয়নি।

শিশুরা সময়মতো টিকা না পাওয়ায় দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে অভিযোগ করে এজন্য দায়ীদের বিচারের দাবিতে কর্মসূচি পালন করছে বিভিন্ন দল ও সংগঠন।

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবিতে আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ‘ঢাকা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীবৃন্দ’–ব্যানারে মানববন্ধন করেন একদল আইনজীবী।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) পরিচালনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয়বারের মতো সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। এ সময় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি ৬ লাখ টাকা। 
রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
বাল্যবিবাহ রোধে ‘নারী-পুরুষ’ উভয়ের নতুন বয়স নির্ধারণের সুপারিশ
বাল্যবিবাহ প্রতিরোধে নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ এবং বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা বাতিলসহ আইন সংস্কারে ছয়টি সুপারিশ করেছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইউনিসেফ। 
বাল্যবিবাহ রোধে ‘নারী-পুরুষ’ উভয়ের নতুন বয়স নির্ধারণের সুপারিশ
পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন দুটিতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ। প্রথম প্রজ্ঞাপনে ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ঢাকার ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সিলেটের কমান্ড্যান্ট করা হয়েছে। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।  এ ছাড়া এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. কামরুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় প্রজ্ঞাপনে আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। একই কলেজের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর পদে) এ এইচ এম শাহাদাত হোসাইনকে। পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর পদে) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। এ ছাড়া এসবির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার, মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌ পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (পিবিআই) পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপন দুটিতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আরটিভি/এসআর
পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী
আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকে খেলাধুলা নামে একটি বই সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী
১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের দেওয়া সংশোধিত ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে সরকারের হস্তক্ষেপে দ্রুত একটি বাস্তবসম্মত ও জীবনভিত্তিক মজুরি ঘোষণার দাবি জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক শেষে বোর্ডের চেয়ারম্যানের বিবৃতির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন শ্রমিক সংগঠনের নেতারা। মজুরি বোর্ডের বৈঠকে শুরুতে শ্রমিকপক্ষ ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিলেও পরে তা কমিয়ে সংশোধিত প্রস্তাবে ২২ হাজার টাকা দাবি করে।  অন্যদিকে, মালিকপক্ষ শুরুতে ১৫ হাজার টাকা প্রস্তাব করলেও সংশোধিত প্রস্তাবে তা বাড়িয়ে ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের কথা জানায়। মালিকপক্ষের এ প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতা আহসান হাবিব বুলবুল এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া।  তারা বলেন, মালিকপক্ষের এই প্রস্তাব বর্তমান বাজার ব্যয়ের সঙ্গে কোনোভাবেই সংগতিপূর্ণ নয়। এমনকি দেশি-বিদেশি গবেষণা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠনগুলোর প্রস্তাব কিংবা নবম পে-স্কেলের আগে পরিচালিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপের সঙ্গেও এর কোনো মিল নেই। এই বাজারে সামান্য এই মজুরিতে শ্রমিকের পক্ষে চলা অসম্ভব। সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করে এই দুই নেতা আরও বলেন, সরকার গ্যাস বা জ্বালানি তেলের যে দাম নির্ধারণ করে দেয়, এর নিচে কেউ তা বিক্রি করে না। তাই আমরা আশা করি, সরকার এখানে হস্তক্ষেপ করে দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের জন্য বাস্তবসম্মত ও জীবনভিত্তিক একটি মজুরি ঘোষণা করবে। টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা মালিকপক্ষের প্রস্তাবকে ‘অত্যন্ত দুঃখজনক’ আখ্যা দিয়ে বলেন, চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরির দাবির বিপরীতে মালিকপক্ষ যে ন্যূনতম প্রস্তাব দিয়েছে, তা সাধারণ শ্রমিকদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকরা যাতে ন্যূনতম জীবনযাপন করতে এবং সংসার চালাতে পারেন, মজুরি বোর্ড সেই বিষয়টি বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণ করবে—এটাই আমাদের প্রত্যাশা। অন্যদিকে, শ্রমিক নেতা তৌহিদুর রহমান মালিকপক্ষের ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব নাকচ করলেও আলোচনার প্রক্রিয়াকে ইতিবাচকভাবে দেখার কথা জানান।  তিনি বলেন, এই অঙ্কটি শ্রমিক সমাজের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে এটি যদি দর-কষাকষি বা আলোচনার সূত্রপাত করার জন্য হয়ে থাকে, তবে আমি তাকে স্বাগত জানাই। মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধির অবস্থান প্রসঙ্গে তৌহিদুর রহমান বলেন, শ্রমিক প্রতিনিধি কেন ৩২ হাজার টাকা থেকে ২২ হাজার টাকায় নেমে এলেন, সেই প্রেক্ষাপট সম্পর্কে আমি এখনো অবগত নই। তবে দিনশেষে আমাদের প্রতিনিধি যুক্তিতর্কের মাধ্যমে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করে একটি যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি আদায় করে আনবেন বলে আমি আশাবাদী। আরটিভি/এসআর
১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের
আরও পড়ুন
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে তিন ব্লক, বিকেলে বসানো হবে রিং
বরেন্দ্র অঞ্চলের পানি সংকট মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’
২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী