রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টি ও চট্টগ্রামের খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে জলাবদ্ধতা বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বুধবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রামের হালিশহর ও বাশখালীতে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সাঈদ আল নোমান এমপি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেলায়েত হোসেন ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক খবর রাখছেন উল্লেখ করে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, তিনি বন্যাদুর্গত এলাকা থেকে ফিরে বিস্তারিত তথ্য অবহিত করবেন। যে সব কাজ দ্রুত করা দরকার তা আগে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত বিএনপির সরকার। জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। জনগণের দুঃখ-দুর্দশার মধ্যে আমাদের সরকার নিশ্চুপ বসে থাকতে পারে না। আমরা জনগণের পাশে আছি। সরকারের ওপর ভরসা রাখেন। এ বছর ৪০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া ছাড়াও দুর্গত এলাকার মানুষের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে




