
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড় কোনো পরিবর্তন না এলেও নতুন করে যুক্ত হতে পারেন আরও দুই নতুন সদস্য। নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের জন্য বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং ধর্ম মন্ত্রণালয়ের জন্য গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম সামনে আসছে।
সরকারি উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহের বৃহস্পতিবার (২০ আগস্ট) অথবা নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণের আগেই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে। আগামী ২২ আগস্ট নতুন রাষ্ট্রপতির কাছ থেকে তারা শপথ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভায় শপথ নেওয়া অ্যাডভোকেট দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১ জুন তিনি পদত্যাগ করেন। এরপর প্রায় দুই মাস ধরে মন্ত্রণালয়টিতে নতুন মন্ত্রী নিয়োগের আলোচনা চলছিল। বর্তমানে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে এক লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তাকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার আলোচনা কয়েক দিন ধরে চলছিল।
তবে মন্ত্রিসভায় যুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে সাচিং প্রু জেরী বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনও বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন।
বর্তমান মন্ত্রিপরিষদের মোট সদস্যসংখ্যা ৫০। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই মন্ত্রিসভা গঠিত হয়েছে। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এ ছাড়া মন্ত্রিপরিষদের বাইরে প্রধানমন্ত্রীর বিশেষ সুবিধাপ্রাপ্ত ১০ জন উপদেষ্টা রয়েছেন, যাদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রী পদমর্যাদার। নতুন দুই সদস্য যুক্ত হলে মন্ত্রিসভার আকার আরও বাড়বে।
এদিকে, আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন ও বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে চলছে প্রশাসনিক নানা প্রস্তুতি। রাষ্ট্রপতির আনুষ্ঠানিক শপথের পরপরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।
আরটিভি/এআর



