
স্মার্ট ডাকসেবার প্রত্যয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামী ৯ অক্টোবর (শুক্রবার) ‘বিশ্ব ডাক দিবস-২০২৬’ পালিত হবে। এ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ডাক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব ডাক দিবস উপলক্ষে আজ (রোববার) রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্মারক ডাকটিকিটটি উন্মোচন করেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’।
এদিকে, ডাক বিভাগের আধুনিকায়ন ও সফলতার চিত্র তুলে ধরে বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, ‘ডাক বিভাগ ঐতিহ্যবাহী ডাকসেবার পাশাপাশি একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, দক্ষ ও জনবান্ধব লজিস্টিকস সেবা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে।’
তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ও ১৮০ দিনের কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে ডাক বিভাগ উদ্যোক্তা ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস, ডিজিটাল ট্র্যাকিং ও ট্রেসিং, স্পিড পোস্ট এবং ই-কমার্স ও লজিস্টিকস সহায়তায় ফুলফিলমেন্ট সেন্টার চালুর মতো যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে।
কাজী আসাদুল ইসলাম আরও বলেন, স্পিড পোস্টের মাধ্যমে গত মার্চ থেকে এ পর্যন্ত প্রায় ৮১১ টন পণ্য পরিবহন করা হয়েছে, যা ই-কমার্স, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং কৃষকদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে। পাশাপাশি আন্তর্জাতিক পার্সেল পরিবহন সেবাতেও গত অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে ২৯ দশমিক ৮৪ শতাংশ (৭৩ টন) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
ডাক বিভাগ সূত্র জানায়, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ও দেশের অভ্যন্তরে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করেছে ডাক বিভাগ।
দিবসটি উপলক্ষে আগামী ৯ ও ১০ অক্টোবর (শুক্র ও শনিবার) বাংলাদেশ ডাক বিভাগের সকল পর্যায়ের কার্যালয়ে (সঞ্চয় ব্যাংক কার্যক্রম ব্যতীত) সাধারণ ডাকসেবা প্রদান করা হবে। সেই সঙ্গে ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ‘ডাকসেবা সপ্তাহ’ পালিত হবে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাকসেবা বিষয়ক মেলার আয়োজন করা হবে। আধুনিক প্রযুক্তি ও বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে জনগণের দোরগোড়ায় দ্রুত ও সাশ্রয়ী সেবা পৌঁছে দেওয়াই এসব কর্মসূচির মূল লক্ষ্য।
উল্লেখ্য, মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য এবং আর্থসামাজিক উন্নয়নে ডাক ব্যবস্থার অবদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালন করা হয়। ১৮৭৪ সালের ৯ অক্টোবর ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) প্রতিষ্ঠার ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে ১৯৬৯ সালে টোকিওতে অনুষ্ঠিত ইউপিইউ কংগ্রেসে এ দিনটিকে বিশ্ব ডাক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র: বাসস
আরটিভি/আইএম



