
ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে বিশেষ কর্মসূচি চালু করতে যাচ্ছে ইতালি সরকার। আগামী মাসেই এ কর্মসূচির আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎকালে এ উদ্যোগের কথা জানান তিনি।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির দ্বিপক্ষীয় সম্পর্ক, বৈধ অভিবাসন, শিক্ষার্থী ভিসা এবং দক্ষ জনশক্তি রপ্তানিসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ইতালির রাষ্ট্রদূত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দায়িত্বশীল ও গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি দুই দেশের অংশীদারত্ব আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বৈঠকে ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের অবদানের বিষয়টিও গুরুত্ব পায়। বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি ইতালিতে স্থায়ীভাবে বসবাস করছেন। তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করা হয়।
এ সময় অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিত করে বৈধ পথে ইতালিতে যাওয়ার সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালির ভিসা পাওয়ার সংখ্যা বৃদ্ধি ও প্রক্রিয়া সহজ করার বিষয়েও কথা বলেন দুই পক্ষ।
দক্ষ জনশক্তি তৈরি এবং তৃতীয় ভাষা শিক্ষার ওপর বাংলাদেশের সরকারের গুরুত্ব বিবেচনায় নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির রূপরেখা তুলে ধরেন ইতালির রাষ্ট্রদূত।
তিনি জানান, এ কর্মসূচিতে আগ্রহী বাংলাদেশিদের ইতালীয় ভাষা, দেশটির নাগরিক সংস্কৃতি, সামাজিক রীতিনীতি এবং কর্মক্ষেত্রের প্রয়োজনীয় ব্যবহারিক ও কারিগরি দক্ষতা শেখানো হবে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের ইতালিতে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানো এবং তরুণদের তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ নিশ্চিত করা প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম অগ্রাধিকার।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে এবং বাংলাদেশ ও ইতালির অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
সাক্ষাৎকালে ইতালির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ঢাকায় দেশটির দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেদেরিকো জাম্পারেলি।
আরটিভি/এসকে


