
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। তালিকা অনুযায়ী, আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন, পবিত্র ঈদুল আজহায় ছয় দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি থাকবে।
বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, ঈদুল ফিতর উপলক্ষে এক দিন সাধারণ ছুটির পাশাপাশি ঈদের আগে দুই দিন ও পরে দুই দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সব মিলিয়ে ঈদুল ফিতরে মোট পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
অন্যদিকে, ঈদুল আজহায় এক দিন সাধারণ ছুটির পাশাপাশি ঈদের আগে দুই দিন এবং পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এতে মোট ছুটি হবে ছয় দিন।
এ ছাড়া শারদীয় দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ফলে দুর্গাপূজায় মোট দুই দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি। তবে মোট ছুটির সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে।
এর আগে গত ২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।
আরটিভি/এসকে


