
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে।
রোববার (৮ নভেম্বর) বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমিতে আয়োজিত ৪৫ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তৃতাকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমরা এখন 'গ্লোবাল ভিলেজ' এ বসবাস করি। প্রতিনিয়ত আমাদেরকে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা করতে হচ্ছে। এই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে। এ সময়ে তিনি শিক্ষকদের আরও উন্নত মানের গবেষণায় গুরুত্ব দেয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, আগামী দিনের শিক্ষা ব্যবস্থা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। আমাদেরকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এজন্য শিক্ষাব্যবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর ব্যবহার বৃদ্ধি করতে হবে। এআই এর যেন অপব্যবহার না হয় সেদিকেও সজাগ থাকতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার শিক্ষাকে আনন্দময় করে তুলতে কাজ করছে। তাই, শিক্ষকদেরও আনন্দময় পরিবেশে পাঠদান করতে হবে। তিনি শিক্ষকদের প্রশিক্ষণ কারিকুলামকে যুগোপযোগী করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ও তথ্য-প্রযুক্তির ব্যবহার আরও বৃদ্ধির আহ্বান জানান।
এ সময় তিনি শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও আগামীর বাংলাদেশ গড়তে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো: মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, আরডিএ এর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল মজিদ প্রামানিক, নায়েম এর পরিচালক প্রফেসর মো. শাহজাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরটিভি/ এসকেডি




