ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুকসুদপুর থানা থেকে ঝুঁকি নিয়ে ৪০০ অস্ত্র উদ্ধার, পুরস্কার পাচ্ছে সালথা থানা

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম
ছবি: সংগৃহীত

দেশের সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দেশব্যাপী আওয়ামী লীগের সৃষ্ট অস্থিতিশীলতার মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংঘটিত ওই নাশকতার পর ঝুঁকিপূর্ণ ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে থানা থেকে ৪০০ অস্ত্র উদ্ধার এবং নিরাপদে ফরিদপুর পুলিশ লাইনসে পৌঁছে দেওয়ায় অসীম সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ও তার নেতৃত্বাধীন টিম।

পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকাল থেকেই গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। কয়েক ঘণ্টাব্যাপী চালানো তাণ্ডবে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়। আগুনে থানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এমন পরিস্থিতিতে থানার অস্ত্রাগারে সংরক্ষিত অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

খবর পেয়ে ফরিদপুরের সালথা থানা থেকে ওসি মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে ২টি গাড়িসহ পুলিশের একটি দল মুকসুদপুর থানায় পৌঁছায়। দুটি গাড়িতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য নিয়ে তিনি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেই থানায় প্রবেশ করেন। পরে অস্ত্রাগারের তালা ভেঙে ৪০০টির বেশি সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্র উদ্ধার করেন। উদ্ধার করা অস্ত্রগুলো পরে ফরিদপুর পুলিশ লাইনে নিয়ে নিরাপদে সংরক্ষণ করা হয়।

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, ১৯ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও কয়েকটি যানবাহন পুড়ে যায়। এমন পরিস্থিতিতে অস্ত্রাগারে সংরক্ষিত অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তখন দায়িত্বের অংশ হিসেবে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মুকসুদপুর থানায় যাই। পরে সেখান থেকে ৪০০টির বেশি সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্র নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনে নিয়ে আসি।

এদিকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সাহসিকতা, পেশাদারিত্ব, বিচক্ষণতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় ওসি বাবলুর রহমান খানসহ তার দলের সদস্যদের প্রশংসা করেছে ফরিদপুর জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক অভিনন্দনবার্তায় তাদের এ ভূমিকার স্বীকৃতিস্বরূপ আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।

ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী অভিনন্দন বার্তায় বলেন, প্রতিকূল পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, কর্তব্যনিষ্ঠা ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ওসি ও তার দল বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব এবং জননিরাপত্তা রক্ষার অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের এ দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করা হবে বলেও জানান তিনি।

তাছাড়া ওসি বাবলুর রহমান খান ও তার দলের সাহসিকতায় অভিনন্দন জানিয়েছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ। ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, দুঃসাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এমন দৃষ্টান্ত পুরো ব্যাচের জন্য গর্বের।

আরটিভি/এমএ


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বাধীনতা ও মর্যাদা ক্ষুণ্ন করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী
সবাই এক থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র করার কেউ সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বাধীনতা ও মর্যাদা ক্ষুণ্ন করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী
আবারও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা
নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই আশুলিয়ায় আবারও দেখা দিয়েছে শ্রমিক অসন্তোষ। অনেক কারখানা বন্ধ থাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও কর্মক্ষেত্রে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় নিরাপত্তার স্বার্থে অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা পর্যন্ত ছুটি ঘোষণা করা কারখানার সংখ্যা বেড়ে ৫০টিতে দাঁড়ায় বলে নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া। এদিন সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় দুটি কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ ঘটনার পর আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়। হঠাৎ করে ছুটির সিদ্ধান্তে বিপাকে পড়েছেন কর্মস্থলে আসা শ্রমিকরা। অনেক শ্রমিক কারখানায় এসে ছুটির নোটিশ দেখে উত্তেজিত হয়ে পড়েন। কারখানা খুলে দেওয়ারও দাবি জানান তারা। শ্রমিকরা জানান, বেতন-ভাতা না দিয়ে এভাবে বিনা কারণে কারখানা বন্ধ রাখা সঠিক সিদ্ধান্ত নয়।  তারা আরও বলেন, মালিকরা নিজেদের অপরাধ ঢাকতে ও শ্রমিকদের দায়ী করে সময়মতো বেতন না দিয়ে আন্দোলনের অজুহাতে বিনা কারণে কারখানা বন্ধ রাখছে। পুলিশ জানায়, শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার সামনে শ্রমিকদের উপস্থিতি দেখা গেলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও কারখানার আশপাশে নজরদারি জোরদার করা হয়েছে। এদিকে বারবার শ্রমিক অসন্তোষের ঘটনায় শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মালিকরা। এতে পোশাক রপ্তানি ও শিল্পের স্বাভাবিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা। এ ব্যাপারে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫০টি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত তেমন কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। আরটিভি/এসআর
আবারও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা
যারা পালিয়ে যায় তারা আর কখনও জনগণের মাঝে আসতে পারে না: পরিবেশ প্রতিমন্ত্রী 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত রামপাল-মোংলাসহ দক্ষিণাঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করছিল। কিন্তু অতি উৎসাহী কিছু মানুষ নাশকতার পথ বেছে নিয়েছে। তারা ধরে নিয়েছে তাদের নেত্রী দেশে আসবে, তারা আবার ক্ষমতায় যাবে- এই ধরনের স্বপ্ন দেখছে। একবার যারা পালিয়ে যায় তারা আর কখনও জনগণের মাঝে আসতে পারে না। বিএনপি কখনও পালিয়ে যায়নি। 
যারা পালিয়ে যায় তারা আর কখনও জনগণের মাঝে আসতে পারে না: পরিবেশ প্রতিমন্ত্রী 
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের সম্মানসূচক নামকরণের প্রস্তাব করেছে শহরটির সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে কমিটি।
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব
নড়াইলে হিন্দুদের বাড়ি-ঘরে হামলার খবর গুজব: পুলিশ 
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এআই দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার। শনিবার (২১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি। এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে তথ্য প্রচার হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পূর্বে ধারণকৃত ও এআই দ্বারা নির্মিত ভিডিও চিত্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষুণ্ন করছে। উক্ত বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নাই। পাশাপাশি উক্ত ঘটনায় কোনো হিন্দু সদস্যের পরিবারের ওপর হামলা বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা ঘটে নাই। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মূলত নড়াইল জেলায় গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বেন্দারচর সুইচ গেট সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা করে শাহীন শেখ ও সোহেল মোল্যাকে হত্যা করে। তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত আসামি দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। উক্ত হত্যাকাণ্ডের জেরে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে ভুক্তভোগীর আত্মীয়-স্বজন উত্তেজিত অন্যান্য লোকদের সঙ্গে নিয়ে আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা করে চলে যায়। তাৎক্ষণিকভাবে কালিয়া থানা পুলিশ সংবাদ পেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আরটিভি/এমএ
নড়াইলে হিন্দুদের বাড়ি-ঘরে হামলার খবর গুজব: পুলিশ 
আরও পড়ুন
ভয়াবহ সংঘর্ষে বাসের নিচে ঢুকে যায় মোটরসাইকেল, মুহুর্তেই সব শেষ
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা
৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু