
যে ভবনে যারা চাকরি করেন তারা নিজেরা সচেতন হয়ে দেখবেন ভবনটিতে ফায়ার সেফটি আছে কি-না। যদি না থাকে তাহলে আমাদের কাছে অভিযোগ জানান। অভিযোগকারী ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে। বললেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
আজ শনিবার (০৬ এপ্রিল) রাজধানীর গুলশানে নগর ভবনে অগ্নি নিরাপত্তা সচেতনে সিটি করপোরেশনের ১০টি ‘ভবন পরিদর্শন দল’ এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন।
মেয়র আতিকুল বলেন, অভিযোগ জানালে আমরা সেই ভবনে তাৎক্ষণিক টিম পাঠাবো, সতর্ক করবো। তাতে কাজ না হলে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসময় মেয়র আরও বলেন, ভবন পরিদর্শন দলগুলো ডিএনসিসি এলাকায় অবস্থিত বহুতল ভবনে গিয়ে আগেই তৈরি করা একটি চেকলিস্টের মাধ্যমে ভবনের অগ্নিঝুঁকি পরীক্ষা করবে। কোনও ভবনে অগ্নি-নিরাপত্তা যথেষ্ট না থাকলে সে ভবনের প্রবেশস্থলে ওই ভবনটির অগ্নি-প্রতিরোধ ব্যবস্থা পর্যাপ্ত নয়, সতর্ক থাকুন লেখা স্টিকার লাগিয়ে দেয়া হবে। তাছাড়া ভবনে বসবাসকারী বা ভবন মালিককে দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানানো হবে।
ডিএনসিসির পাঁচটি অঞ্চলের প্রতিটিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে দু’টি করে দল গঠন করা হয়েছে। ডিএনসিসি, ফায়ার সার্ভিস, বেসরকারি সংস্থা, বিভিন্ন কমিউনিটির সদস্য সমন্বয়ে প্রতিটি দলে ১০ থেকে ১৫ জন সদস্য থাকবেন।
এসজে/জেএইচ




