
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কমিটির ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।
প্রসঙ্গত, দীর্ঘ ২২ মাস পর চলতি বছরের ১ জানুয়ারি ইব্রাহিম ফরাজিকে সভাপতি এবং আকতার হোসেনকে সাধারণ সম্পাদক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়। এরপর মাত্র ছয় মাসের মাথায় কমিটির কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে কী কারণে স্থগিতাদেশ দেয়া হয়েছে, সেটি জানানো হয়নি।




