
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসীরা ‘ত্রিনয়ণী’র আয়োজনে দুই দিনব্যাপী সার্বজনীন দুর্গাপূজা পালন করেছেন।
সিডনির রোজলিয়া কমিউনিটি হলে ২১ অক্টোবর সকাল থেকে শুরু হয়ে ২২ অক্টোবর পর্যন্ত এই উসৎবে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
প্রতিদিন সকালে পূজা অর্চ্চনা পরবর্তী প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাক-ঢোলের সঙ্গে আরতি আর নাচে-গানে প্রবাসীরা দেশের উৎসবের অনুভূতি ফিরে পান।
এবারের পূজাতে জনপ্রিয় শিল্পী প্রত্যাশা ইকবালের করা মন্ডপ সবার দৃষ্টি আকর্ষণ করে। এ ছাড়া তৈরি করা কুঁড়েঘর, ঢেকি, আলোকসজ্জা সবার প্রশংসা পায়।
সিডনির ব্ল্যাক টাউন সিটি কাউন্সিল মেয়র এন্থনী ব্লিসডেস পূজায় অতিথি হিসেবে এসে প্রবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সিডনির জনপ্রিয় শিল্পী রাসেল ইকবাল, নাসিম কামাল শিপলু, সাঈদ পারভেজ, অনিন্দিতা ঐশী, কায়জার চৌধুরী, ডা. ফারজানা ইউসুফ, লারিনা নুপুর রোজারিও, ডা. মোকাররম হাসানসহ অন্য শিল্পীরা অনুস্ঠানটিকে উৎসবের রুপ দেন।
উপস্থিত প্রবাসীরা পূজোর প্রতিমা, মণ্ডপসজ্জার সঙ্গে আথিতেয়তার প্রশংসা করেন। অথিতিদের মতে ত্রিনয়ণী আয়োজিত পূজায় এসে তারা নিজের পূজার অনুভূতি পেয়েছেন।
এ আয়োজনের মূল আকর্ষণ ছিল সবধর্মের প্রবাসীদের উপস্থিতি আর সহযোগীতা। পূজার আয়োজকেরা সবাইকে সহযোগীতা জন্য ধন্যবাদ জানান। ‘ধর্ম যার যার, উৎসব সবার এ চেতনাকে ধারণ করে তারা সামনের বছরগুলোয় আরও বড় পরিসরে এ সার্বজনীন উৎসবের আয়োজন করবেন বলে আশাবাদী।




