
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডার কোটা বাতিলের দাবি জানিয়েছেন একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা ট্রান্সজেন্ডারবিরোধী লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে ট্রান্সজেন্ডার কোটা বাতিলের জন্য স্লোগান দেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি প্রদান করেন। এতে ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডার কোটা বাতিলসহ আরও চার দফা দাবি তোলেন শিক্ষার্থীরা।
দাবিগুলোর মধ্যে রয়েছে, ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডার কোটা বাতিল করতে হবে। দ্রুত সময়ের মধ্যে এই ভর্তি বিজ্ঞপ্তি বাতিল করে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। ট্রান্সজেন্ডার পরিচয়ধারীদের কোটা ব্যবস্থার আওতায় আনার মাধ্যমে ট্রান্সজেন্ডার মতবাদকে প্রমোট করে সংবিধান ও দেশের আইন পরিপন্থী কাজ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। হিজড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে সেই পরিবেশ সৃষ্টির জন্য পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এ সময় শিক্ষার্থীরা বলেছেন, যারা অনগ্রসর মানুষ, সংবিধান অনুযায়ী কেবল তারাই কোটার সুযোগ পাবেন। তথাকথিত ট্রান্সজেন্ডাররা নিজেরা নিজেকে বিকৃত করে সমাজ থেকে পিছিয়ে যাচ্ছে। এটা এলজিবিটিকে প্রোমোট করে। আর যাদের প্রকৃত কোটা পাওয়ার অধিকার রয়েছে সেটিকে অস্বীকার করা হচ্ছে। চিকিৎসকদের মতামত অনুযায়ী, একজন তার বডির পরিবর্তন করতে পারলেও তার হরমনের ২০ শতাংশের বেশি পরিবর্তন করতে পারে না। তারা পুরুষই থেকে যায়।




