
সারাদেশের গ্রাম পুলিশকে কেন চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীর সমান সুযোগ-সুবিধা দেয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত আনা রিটের প্রাথমিক শুনানির পর আজ (রোববার) এ আদেশ দেন।
আদালতে গ্রাম পুলিশদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার, অর্থ, জন প্রশাসন, স্বরাষ্ট্র, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ ৩২ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ব্যারিস্টার হুমায়ুন কবির বলেন, ব্রিটিশ আমল থেকে এ বাহিনী বিভিন্ন আইনের অধীনে কাজ করে আসছে। সর্বশেষ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ সালের অন্তর্ভুক্ত করা হয়। এ আইনের অধীনে ২০১৫ সালে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলী সম্পর্কিত বিধিমালা তৈরি করা হয়। কিন্তু এ বিধিতে তাদের কোনো শ্রেণি নির্ধারণ করা হয়নি।
ধামরাইয়ের লাল মিয়া ও রাজবাড়ীর উজ্জ্বলসহ কয়েকজন আবেদনকারী হয়ে গ্রাম পুলিশের সুযোগ-সুবিধা বাড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। এ রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।
জেএইচ




