
গাজীপুরের কালীগঞ্জে রাস্তার ওপর নৌকা প্রতীকের পক্ষে তোরণ নির্মাণ করায় ১০ হাজার টাকা জরিমানা দিয়েছেন উপজেলা যুবলীগ নেতা।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়ার ভ্রাম্যমাণ আদালত তাকে এ জরিমানা করেন।
পরে কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রানা (৩৪) জরিমানার ১০ হাজার টাকা পরিশোধ করেন। সে সালদিয়া গ্রামের আজিজ খানের ছেলে।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে নৌকা প্রতীকের সমর্থক আরিফুল ইসলাম রানা উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের সাইলদিয়া গ্রামে পাকা রাস্তার ওপর নৌকা প্রতীকের পক্ষে তোরণ নির্মাণ করেন। জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ ধারায় তাকে নগদ ১০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।
এদিকে নির্বাচনি আচারণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুরের কাপাসিয়ার বারিষাব গ্রামের জহিরুল হককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমির ভ্রাম্যমাণ আদালত তাকে এ জরিমানা করেন।
পরে জহিরুল হক জরিমানার ১০ হাজার টাকা পরিশোধ করেন। তিনি নৌকা প্রতীকের সমর্থক বলে স্থানীয়রা জানান।
কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমি জানান, উপজেলার বারিষাব গ্রামের নিজ বাড়িতে বিশাল প্যান্ডেল নির্মাণ করে ভোজের আয়োজন করে স্থানীয় জহিরুল হক। তার বাবার চল্লিশার আয়োজন করা হলেও ওই অনুষ্ঠানে মাইকে নৌকার নির্বাচনী প্রচারণা চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে উপস্থিত হয়ে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ১৮(১) ধারা অমান্য করে ভোজের আয়োজন করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভবিষ্যতে জহিরুল হককে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করবেন না বলে তাকে সতর্ক করে দেয় আদালত।




